২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজে সুযোগের অপেক্ষায় শামসুর

বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান জানিয়েছেন, নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে তিনি প্রস্তুত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 08:25 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

তিনটি টি-টোয়েন্টি খেললেও শামসুরের এখনো ওয়ানডে অভিষেক হয়নি।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে তিনি বলেন, “সুযোগ পেলে ওয়ানডে সিরিজে জ্বলে উঠতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার ধারাবাহিকতা আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়ে যেতে চাই।”

গত মার্চে শ্রীলঙ্কা সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে পড়েননি শামসুর। যদিও খেলার সুযোগ পেয়েছেন মাত্র তিনটি টি-টোয়েন্টি।

তবে তেমন সুযোগ না পেলেও দলের সঙ্গে থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি বলেন, “আমি ভাগ্যবান, দলের সঙ্গে থাকার সুযোগ পেয়েছি। দলের সঙ্গে থাকলে নিজের খেলা নিয়ে ভাবা, নিজেকে নিয়ে পরিকল্পনা করা অনেক সহজ হয়ে যায়।” উদ্বোধনী জুটিতে অনেক দিন ধরে তামিম ইকবালের স্থায়ী সঙ্গী নেই। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের দ্বিতীয় ওয়ানডেতেই দারুণ এক শতক এসেছিল এনামুল হকের ব্যাট থেকে। যদিও নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে তেমন ভালো করতে পারেননি তিনি। তবে এনামুলকে দলে রাখার পক্ষে মত দিয়ে শামসুর বলেন, “বিজয় (এনামুল) বয়সে আমার চেয়ে ছোট। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আমার চেয়ে ওর অভিজ্ঞতা বেশি। ওয়ানডে দলে ওরই আগে সুযোগ পাওয়ার কথা। আন্তর্জাতিক ক্রিকেট এতো সহজ নয় যে বয়স বেশি হলেই আপনি ভালো করবেন। তাছাড়া বিজয় ওয়ানডেতে ভালোই খেলছে।” তিন বছর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজ দলের ওপরে কোনো চাপ ফেলবে না জানিয়ে শামসুর বলেন, “ঐ জয় অনেক দিন আগে এসেছে। সেটা এখন অতীত। ২৯ তারিখ থেকে নতুন একটি সিরিজ শুরু হচ্ছে। আমরা চেষ্টা করবো নতুনভাবে শুরু করার।” সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করেন শামসুর। তিনি বলেন, “আগে দুই-একজন ছাড়া বাকিরা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারতো না। এখন সংখ্যাটা বেড়েছে। এক থেকে ৭ নম্বর ব্যাটসম্যান ভালো করছে। বলও ভালো হচ্ছে। এখন ভালো করার ইচ্ছা অনেক বেড়েছে।”