বিসিবি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত
আপত্তি শুনানি শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শুনানিতে ১৬টি আপত্তি জমা পড়লেও তার প্রতিটিই খারিজ হয়ে গেছে। তাই খসড়া ভোটার তালিকাকেই চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে সোমবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
১৭২ জন ভোটার ১০ অক্টোবর বিসিবির তিনটি ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত করবেন। তিনজন পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায়। পরিচালকদের ভোটে প্রথমবারের মতো নির্বাচিত সভাপতি পাবে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিকে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর অভিযোগের জবাব দিয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থী এনায়েত হোসেন সিরাজ ও মাহবুব আনাম।
বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি সিরাজ বলেন, “নির্বাচনকে ঘিরে গণমাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য পেয়েছি। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা হয়েছে। জেলা ও বিভাগীয় কাউন্সিলর বিষয়ক কিছু কাগজপত্র ছিল, সেগুলো কমিশনে জমা দিয়েছি।”
বিসিবির করা খসড়া ভোটার তালিকা সম্পর্কে সাবের হোসেনের অভিযোগ সম্পর্কে সিরাজ বলেন, “আমরা অনেক দিন ধরেই বিসিবির নির্বাচন করে আসছি। সাধারণত বিসিবি থেকেই কাউন্সিলর চাওয়া হয়। জমা পড়া নামগুলো সমন্বয় করে আমরা পাঠিয়ে দেই। এখানে বোর্ডের আর কোনো কাজ নেই। বাকি কাজ জাতীয় ক্রীড়া পরিষদের।”
