১০ অক্টোবর বিসিবি নির্বাচন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত নির্বাচন কমিশন। ১০ অক্টোবর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত হবে বিসিবির বহুল আলোচিত নির্বাচন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রোববার কাউন্সিলর তালিকার ওপরে আপত্তি ও শুনানি হবে। পরদিন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
১ অক্টোবর পাঁচ হাজার টাকায় নিতে হবে মনোনয়নপত্র। যা জমা দিতে হবে ৩ অক্টোবর বিকাল পাঁচটার মধ্যে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করা হবে ৫ অক্টোবর। এর আপিল শুনানি হবে ৬ অক্টোবর, পরদিন মনোনয়ন প্রত্যাহার করা যাবে। সেদিন বিকালে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর দেয়া হবে।
এনএসসি টাওয়ারের ষষ্ঠ তলার সভাকক্ষে ১০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল চার পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
গত ১৭ সেপ্টেম্বর সাত দিন সময় দিয়ে নির্বাচনের জন্য ক্লাব, সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে কাউন্সিলরের তালিকা চায় বিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে ১৭৪টি কাউন্সিলরের মধ্যে ১৭২টি কাউন্সিলরের মনোনয়ন জমা পড়েছে বিসিবিতে।
‘এ’ অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরিতে পরিচালক হবেন ১০ জন। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ থেকে দুজন করে এবং বাকি চারটি বিভাগ থেকে একজন করে কাউন্সিলর নির্বাচিত হবেন। ‘বি’ অর্থাৎ ক্লাব ক্যাটাগরিতে পরিচালক ১২ জন। আর ‘সি’ ক্যাটাগরিতে একজন পরিচালক নির্বাচিত হবেন।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এনএসসির ঢাকা বিভাগীয় উপ-পরিচালক সৈয়দা আরজুমা আরা বেগমকে রিটার্নিং অফিসার এবং কামরুল হাসানকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
