২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের নাম পাঠানো শেষ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলরদের নাম পাঠানোর শেষ দিন ছিল মঙ্গলবার। বিসিবি কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত কাউন্সিলরদের নাম জমা দিয়েছে ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ অন্যান্যরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 10:48 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

গত ১৭ সেপ্টেম্বর ৭ দিনের সময় বেঁধে দিয়ে কাউন্সিলরের নাম চেয়ে চিঠি পাঠায় বিসিবি। বুধবার কাউন্সিলরদের নামের তালিকা জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠাবে তারা। পর দিন ভোটার তালিকা প্রকাশ করবে এনএসসি।

‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে মোট কাউন্সিলরের সংখ্যা ১৭৪ জন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান কাউন্সিলর হয়েছেন আবাহনী থেকে। সাবেক সভাপতি ও আবাহনীর পরিচালক সাবের হোসেন চৌধুরী বারিধারা ড্যাজলার্সের কাউন্সিলর। দুজনই সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের দুই কাউন্সিলর মাহবুবুল আনাম ও লোকমান হোসেন ভূঁইয়া। ব্রাদার্স ইউনিয়ন থেকে ইসমাইল হায়দার মল্লিক, রায়ের বাজার থেকে জালাল ইউনুস এবং শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে আহমেদ সাজ্জাদুল আলম ববি কাউন্সিলর হয়েছেন।

জেলা ও বিভাগের ক্যাটাগরি ‘এ’ তে নিজ জেলা মানিকগঞ্জ থেকে কাউন্সিলর হয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর।

ক্যাটাগরি ‘সি’ থেকে কাউন্সিলর হয়েছেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। আর এনএসসি থেকে কাউন্সিলর আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

জাতীয় দলের অন্যান্য সাবেক অধিনায়কের মধ্যে এনএসসির কোটায় কাউন্সিলর হয়েছেন ফারুক আহমেদ, রকিবুল হাসান, খালেদ মাসুদ পাইলট, আমিনুল ইসলাম বুলবুল ও শফিকুল হক হীরা।