২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচন স্থগিতের দাবি সাবেরের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছেন সাবের হোসেন চৌধুরী। বিসিবির সাবেক সভাপতির আশঙ্কা, এই নির্বাচন সঠিক প্রক্রিয়ায় হবে না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 12:24 AM

Updated : 23 Aug 2022, 07:00 PM

রোববার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বারিধারা ড্যাজলার্সের এই কাউন্সিলর বলেন, “বিসিবির গঠনতন্ত্রের ১৯নং ধারায় স্পষ্ট লেখা আছে, নির্বাচন সংক্রান্ত সকল কাজ করবে নির্বাচন কমিশন। নির্বাচনে কাজ করা বা কর্তৃত্ব করার সুযোগ বিসিবির নেই। কিন্তু তারা পত্র দিয়ে (কাউন্সিলরের) নাম চেয়েছে। সুতরাং তাদের পত্রের আইনগত ভিত্তি বা বৈধতা নেই।”

“বিসিবির খসড়া ভোটার তালিকা করার সুযোগ নেই। তাই এটা বাতিল করতে হবে। নতুন খসড়া ভোটার তালিকা করতে হবে। এবং সেটা নির্বাচন কমিশনকেই করতে হবে।”

নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন তুলে সরকার দলীয় এই সাংসদ আরো বলেন, “গঠতন্ত্রে বলা আছে নির্বাচনের কমপক্ষে ৪৫ দিন আগে কাউন্সিলর চাইতে হয়। এমনকি সাধারণ পরিষদে একটি পদ শূন্য হলে সেই শূন্য পদের জন্যও ৪৫ দিন সময় লাগে। অথচ ২৭ জন (আসলে ২৩) পরিচালকের নির্বাচন হচ্ছে মাত্র ১৪ দিনে।”

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সংস্থার (ফোরাম) মতো কাউন্সিলরের নাম মনোনয়নের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ এনেছেন সাবের হোসেন। রোববার খসড়া ভোটার তালিকার ওপরে আপত্তি গ্রহণ ও শুনানির দিন ছিল। সন্ধ্যা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপরে ১৫টি আপত্তি পড়েছে। শুনানিও হয়েছে কয়েকটির।

সাবের হোসেনের অভিযোগ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান বলেন, “নির্বাচনের জন্য আমাকে ২০১২ সালে সংশোধনী গঠনতন্ত্র দেয়া হয়েছে। আমরা সেটি নিয়ে কার্যক্রম শুরু করেছি। সর্বোচ্চ ৪৫ দিনে নির্বাচন আয়োজনের কথা বলা হলেও সর্বনিম্ন সময়ের ব্যাপারে কিছু বলা হয়নি।”

রোববার বিসিবির কাউন্সিলর তালিকার ক্যাটাগরি-১এ মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, খুলনা বিভাগ, নড়াইল, চট্টগ্রাম বিভাগ, লক্ষীপুর, জামালপুর ও রাজশাহী বিভাগের ওপরে আপত্তি শুনানি হয়েছে। ক্যাটাগরি-২এ শেখ রাসেল ক্রীড়াচক্র ও রায়ের বাজারের কাউন্সিলরদের বিরুদ্ধে আপত্তি জমা পড়েছে।

এছাড়া মিরপুর বয়েজ, সোনার বাংলা, হিল্লোল যুব সংঘ ও নর্থ বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের স্ট্যান্ডিং না মানার কারণে আপত্তি জানিয়েছে। তাদের দাবি, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলার স্ট্যান্ডিং ২০১২-১৩ মৌসুমের পরিবর্তে ২০১১-১২ মৌসুম অনুযায়ী করা হয়েছে।