২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচন নিয়ে ফোরামের অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে নিয়মভঙ্গের অভিযোগ করেছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সংস্থা (ফোরাম)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 07:39 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

শুক্রবার ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরাম মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, “বিভিন্ন জেলা ও বিভাগে কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে প্রচলিত নিয়ম মানা হয়নি। অধিকাংশ ক্ষেত্রে প্রশাসনকে ব্যবহার করে অ্যাডহক কমিটি তাদের পছন্দের ব্যক্তিকে কাউন্সিলর করেছে।”

তিনি আরো বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ৪৫ দিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে কাউন্সিলর চেয়ে চিঠি দিতে হয়। কিন্তু বিসিবি মাত্র আট দিনের সময় দিয়ে চিঠি পাঠিয়েছে। কোথাও নিজস্ব কর্মীর মাধ্যমে, কোথাও অ্যাম্বুলেন্স যোগে, কোথাও বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফর্ম পাঠানো হয়েছে। এই আট দিনের মধ্যে দুদিন ছিল হরতাল এবং দুদিন সরকারি ছুটি।”

বিভিন্ন জেলায় কাউন্সিলর মনোনয়নের জন্য ফর্ম বিতরণ না করারও অভিযোগ করেন ফোরাম মহাসচিব।

যদিও বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, সংশ্লিষ্ট সব জেলা, বিভাগ, ক্লাব ও প্রতিষ্ঠানে কাউন্সিলর চেয়ে চিঠি পাঠিয়েছিল বিসিবি। প্রত্যেকেই চিঠি পেয়েছেন। ১৭৪ জন কাউন্সিলরের মধ্যে ১৭২টির মনোনয়ন জমা পড়েছে।

নির্বাচন কমিশন ১০ অক্টোবর নির্বাচনের ঘোষণা দিয়েছে। শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। রোববার কাউন্সিলর তালিকার ওপরে আপত্তি ও শুনানি হবে। পরদিন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আশিকুর রহমানের জেলা নড়াইলসহ ১৩টি ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে ফোরাম। তাদের অভিযোগ, কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করা হয়েছে। রোববারের আপিল শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন ফোরাম সভাপতি ইউসুফ জামিল বাবু। নির্বাচন বর্জন বা মামলা করার মতো কঠোর কর্মসূচি দেয়ারও ইঙ্গিত দিয়েছেন ফোরামের নেতারা।

পুরনো খবর:

বিসিবি নির্বাচন: নির্বাচন কমিশন গঠনের অপেক্ষা
১০ অক্টোবর বিসিবি নির্বাচন