২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালক পদে লড়ছেন না নাজমুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক পদে নির্বাচনের জন্য সম্মিলিত পরিষদের ১৪ জনের প্রাথমিক প্যানেল ঘোষণা করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। তিনি নিজে পরিচালক পদে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

বিসিবির ১৭২ জন কাউন্সিলর ২৩ জন পরিচালক নির্বাচিত করবেন। এর মধ্যে ক্যাটাগরি ২-এ ঢাকার ক্লাব ক্রিকেটের ৫৮ কাউন্সিলর ভোট দিয়ে নির্বাচিত করবে ১২ জন পরিচালককে।

রোববার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই ১২টি পদের জন্য সম্মিলিত পরিষদের ১৪ জনের প্যানেল ঘোষণা করেন আবাহনী ক্রীড়া চক্র থেকে কাউন্সিলের নির্বাচিত হওয়া নাজমুল হাসান। পরে এই ১৪ জন থেকে চূড়ান্ত প্যানেলে ১২ জনকে বাছাই করা হবে।

নিজে পরিচালক পদে নির্বাচন না করলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় তিন পরিচালকের একজন হিসেবে বোর্ডে আসার ইঙ্গিত দিলেন নাজমুল।

প্যানেলে নাম না থাকা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আশা করি, আপনারা ব্যাপাটি বুঝে নেবেন। সেজন্যই ব্যাখ্যা করিনি।"

কাউন্সিলরদের ভোটে নির্বাচিত ২৩ পরিচালকের সঙ্গে  এনএসসি মনোনীত তিনজন পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত করা হবে। এনএসসির কোটায় পরিচালক হলে সেই নির্বাচনে বোর্ড সভাপতি পদে দাঁড়াতে পারবেন নাজমুল।

সম্মিলিত পরিষদের মত বিনিময় ও পরিচিত সভায় বিসিবি সভাপতি বলেন, "বোর্ডে এমন মানুষদের চাই যাদের ক্রিকেটে সর্বোচ্চ অবদান রাখার সুযোগ রয়েছে। ক্রিকেটার ও সংগঠক, নবীন ও প্রবীণের একটি সংমিশ্রন চাই।"

তিনি জানান, ভোটার তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় পুরো প্যানেল ঘোষণা করা যাচ্ছে না। চূড়ান্ত তালিকা না পাওয়া পর্যন্ত প্যানেলও চূড়ান্ত করা যাচ্ছে না।

রোববার ভোটার তালিকা আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। ১ অক্টোবর ১৪ জনের প্রাথমিক প্যানেল থেকে ১২ জনের প্যানেল চূড়ান্ত করতে পারেন বিসিবি সভাপতি।

সম্মিলিত পরিষদের প্যানেলে রয়েছেন, আফজালুর রহমান সিনহা, মাহবুব আনাম, আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ, আহমেদ ইকবাল হাসান, জালাল ইউনুস, লোকমান হোসেন ভুঁইয়া, আইএইচ মল্লিক, গাজী গোলাম মুর্তজা, তানজিল চৌধুরী, নাজমুল করিম টিংকু, জমির আহমেদ, হানিফ ভুঁইয়া ও শওকত আজিজ রাসেল।

অনুষ্ঠানে আহমেদ সাজ্জাদুল আলম ববির সঞ্চালনায় বক্তৃতা করেন, সালমান এফ রহমান, মোজাফ্ফর হোসেন পল্টু, গাজী আশরাফ হোসেন লিপু, এনায়েত হোসেন সিরাজ,মাহবুব আনাম ও আফজালুর রহমান সিনহা। তারা সবাই সভাপতি হিসেবে নাজমুল হাসানকে নির্বাচিত করার আহ্বান জানান।

এতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সভাপতি সিরাজ বলেন, "একটা সময় বিসিবি নির্বাচন ফোরামের হাতে জিম্মি ছিল। ওদের ছিল ৭০ ভোট আর ক্লাবগুলোর ৫২ ভোট। সংখ্যাগরিষ্ঠতার জোরে ওরাই সব ঠিক করতো, সেখানের যোগ্যতার কোনো ব্যাপার ছিল না।"

এখন ক্লাবগুলো একত্রিত হওয়ায় পরিস্থিতি পাল্টে ফোরামের প্রভাব কমেছে বলে তিনি মনে করেন।

পুরনো খবর:

আবাহনীর কাউন্সিলর নাজমুল হাসান
বিসিবি নির্বাচন: নির্বাচন কমিশন গঠনের অপেক্ষা
১০ অক্টোবর বিসিবি নির্বাচন
বিসিবি নির্বাচন নিয়ে ফোরামের অভিযোগ