২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটার স্বল্পতায় শুরু হয়নি ক্যাম্প

নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রাথমিক ক্যাম্প খেলোয়াড় স্বল্পতায় শুরু করা যায়নি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার ২৮ জন খেলোয়াড় নিয়ে এই ক্যাম্প শুরুর কথা ছিল। তবে প্রিমিয়ার লিগে খেলা কিছু ক্লাব এখনও ক্যাম্পে স্থান পাওয়া খেলোয়াড়দের ছাড়েনি।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী ও শেখ জামালের মধ্যকার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচটি বৃষ্টির কারণে রিজার্ভ ডে মঙ্গলবারে যাওয়ায় দুই দলের ছয় খেলোয়াড় ক্যাম্পে যোগ দেয়নি।

শেখ জামালের মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, ইলিয়াস সানি ও শফিউল ইসলাম এবং আবাহনীর পেসার আল-আমিন প্রাথমিক দলে রয়েছেন।

মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালন কমিটি জানায়, বুধবার প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচের জন্য আরো দুই দল ক্যাম্পে স্থান পাওয়া কিছু ক্রিকেটারদের নিয়ে বগুড়া চলে গেছে। খেলোয়াড় কম থাকায় তাই প্রাথমিক ক্যাম্প শুরু হচ্ছে না।

ক্যাম্প শুরু না হওয়ার বিষয়ে জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাত্র ১২ জন ক্রিকেটার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছে।

সুমন জানান, খেলোয়াড় স্বল্পতার জন্য ঢাকায় আর ক্যাম্প বসবে না। ক্রিকেটাররা সরাসরি চট্টগ্রাম চলে যাবে।

প্রাথমিক দল থেকে ৪ জনকে বাদ দেয়ার পর ২৪ ক্রিকেটারের ৩ অক্টোবর চট্টগ্রাম যাওয়ার কথা ছিল।  এ বিষয়ে সুমন জানান, কোন ২৪ জন চট্টগ্রাম যাবে তা বুধবার জানানো হবে।

৪ অক্টোবর থেকে এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের শক্তিশালী দলও ঘোষণা করেছে বিসিবি। এর পর ঘোষণা করা হবে টেস্টের দল।

৯ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম, ফরহাদ রেজা, মেহরাব হোসেন, সাজেদুল ইসলাম, আল-আমিন, এনামুল হক জুনিয়র, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুক্তার আলী ও নূর হোসেন।

তিন দিনের ম্যাচের জন্য বিসিবি একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, জিয়াউর রহমান, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, ফরহাদ রেজা, মেহরাব হোসেন, সাজেদুল ইসলাম, সৌম্য সরকার, মুক্তার আলী ও নূর হোসেন।

পুরনো খবর:

নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত
বাংলাদেশের প্রাথমিক দলে মাশরাফি