নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত
নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ১ অক্টোবর ঢাকায় পৌঁছাবে নিউ জিল্যান্ড দল। সেদিনই প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রাম যাবে তারা।
এমএ আজিজ স্টেডিয়ামে ৪ থেকে ৬ অক্টোবর একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলবে নিউ জিল্যান্ড। ৯ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।
২৯ ও ৩১ অক্টোবর শের-ই-বাংলাতেই হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ৩ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে।
আইসিসির অনুমোদন পেলে ৬ নভেম্বর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে হবে একমাত্র টি-টোয়েন্টি। এটিই হবে স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
এবারের বাংলাদেশ সফরটি কিউইদের জন্য আবার প্রতিশোধের মিশন। ২০১০-১১ মৌসুমে ঢাকার মাটিতে পাঁচ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছিল তারা, অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।
সোমবার বাংলাদেশ সফরে সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করে নিউ জিল্যান্ড। টেস্টের দল আগেই ঘোষণা করেছিল দেশটি।
