বাংলাদেশ সফরের নিউ জিল্যান্ড দল ঘোষণা
বাংলাদেশ সফরে সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড।
সোমবার ঘোষণা করা ১৫ সদস্যের এই দলে আছেন গোড়ালির চোট থেকে সুস্থ হয়ে ওঠা পেসার টিম সাউদি।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৯ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৩১ অক্টোবর একই স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ। ৩ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৬ নভেম্বর।
এবারের বাংলাদেশ সফরটি কিউইদের জন্য আবার প্রতিশোধের মিশন। ২০১০-১১ মৌসুমে ঢাকার মাটিতে পাঁচ ওয়ানডে সিরিজে ৪-০তে হেরেছিল তারা, অন্য ম্যাচটি পরিত্যাক্ত হয়েছিল।
সফরের শুরুতে অক্টোবরের ৯-১৩ ও ২১-২৫ তারিখে হবে সিরিজের দু'টি টেস্ট।
টেস্টের দল আগেই ঘোষণা করেছিল নিউ জিল্যান্ড, যাতে নেই ২৬টি টেস্ট ও ৭০টি ওয়ানডে খেলা অভিজ্ঞ সাউদি।
চোটের কারণে অনুমিতভাবেই টেস্টের মতো ওয়ানডে দলেও নেই সাবেক অধিনায়ক ও স্পিনার ড্যানিয়েল ভেট্টরি এবং ব্যাটসম্যান মার্টিন গাপটিল।
সীমিত ওভারের দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, অ্যান্টন ডেভসিচ, গ্র্যান্ট এলিয়ট, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, জেমস নিশাম, হ্যামিশ রাদারফোর্ড, টিম সাউদি, রস টেইলর ও কেন উইলিয়ামসন।
টেস্ট দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডিন ব্রাউনলি, পিটার ফুলটন, মার্ক গিলেস্পি, টম লেইদাম, ব্রুস মার্টিন, হ্যামিশ রাদারফোর্ড, ইশ সোদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।
