২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডের টেস্ট দলে দুই নবাগত

দুই নবাগতকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। তারা হলেন ইশ সোধি ও কোরি অ্যান্ডারসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 04:45 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

অলরাউন্ডার অ্যান্ডারসন একটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেললেও লেগস্পিনার সোধির এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

চলমান ভারত সফরে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভালো খেলার সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন তারা।

তবে চোটের কারণে অনুমিতভাবে দলে নেই সাবেক অধিনায়ক ও স্পিনার ড্যানিয়েল ভেট্টরি এবং ব্যাটসম্যান মার্টিন গাপটিল।

গাপটিল গোড়ালির চোটে আক্রান্ত, আর জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির পর পায়ে অস্ত্রোপচার করিয়েছেন ভেট্টরি। আগামী ক্রিকেট-মৌসুমে দুজনকেই মাঠের বাইরে কাটাতে হবে।

গোড়ালির চোটের কারণে টেস্ট দলে নেই পেসার টিম সাউদিও। তবে সফরের আগে সুস্থ হয়ে উঠলে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। ৯ অক্টোবর থেকে চট্টগ্রামে প্রথম এবং ২১ অক্টোবর থেকে মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এরপর তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। নিউ জিল্যান্ডের টেস্ট দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডিন ব্রাউনলি, পিটার ফুলটন, মার্ক গিলেস্পি, টম লেইদাম, ব্রুস মার্টিন, হেমিশ রাদারফোর্ড, ইশ সোদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।