বাংলাদেশের প্রাথমিক দলে মাশরাফি
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য বৃহস্পতিবার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশিতভাবে এই দলে আছেন দেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা।
পায়ের চোটের কারণে গত মার্চে শ্রীলঙ্কা এবং এপ্রিল-মে মাসে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক।
তবে ছন্দে না থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের প্রাথমিক দলে জায়গা হয়নি।
সাম্প্রতিক সময়ে ভালো খেলার ‘পুরস্কার’ হিসেবে প্রথম বারের মতো বাংলাদেশের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন আল-আমিন, সৌম্য সরকার ও নূর হোসেন।
ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৪ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য প্রাথমিক দল থেকেই ১৪ সদস্যের বিসিবি একাদশের দল ঘোষণা করা হয়েছে।
৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম এবং ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম, ফরহাদ রেজা, মেহরাব হোসেন, সাজেদুল ইসলাম, আল-আমিন, এনামুল হক জুনিয়র, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুক্তার আলী ও নূর হোসেন।
তিন দিনের ম্যাচের জন্য বিসিবি একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, জিয়াউর রহমান, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, ফরহাদ রেজা, মেহরাব হোসেন, সাজেদুল ইসলাম, সৌম্য সরকার, মুক্তার আলী ও নূর হোসেন।
