২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুলের সঙ্গে বিতর্কের তারিখ চান সাবের

উন্মুক্ত বিতর্কের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 08:07 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

পুরনো খবর:

সাবেরের সঙ্গে লড়বেন নাজমুল
বিসিবি নির্বাচনে অংশ নেবেন সাবের হোসেন
নাজমুলকে বিতর্কে বসার আহ্বান সাবেরের
সাবেরের সঙ্গে বিতর্কে রাজি নাজমুল

বিসিবি নির্বাচনকে সামনে রেখে এখন মুখোমুখি অবস্থানে সরকার দলীয় এই দুই সংসদ সদস্য। সমস্যা সমাধানে গত মাসে নাজমুল হাসানকে উন্মুক্ত বিতর্কে বসার আহ্বান জানান সাবের হোসেন। চলতি সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বর্তমান সভাপতিও জানান, যে কোনো সময় যে কোনো জায়গায় মুখোমুখি হতে তিনি রাজি।

বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের সাবের বলেন, “উন্মুক্ত বিতর্ক নিয়ে সময় নির্ধারণ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি ৭ সেপ্টেম্বর তার সাথে বসতে প্রস্তুত আছি। তবে তিনি যদি কাল বলেন তাতেও আমার আপত্তি নেই।”

“আমি অনেক দিন ধরে বলে আসছি, আমাদের একটা উন্মুক্ত আলোচনা হওয়া উচিত। আমরা দুজনই জনপ্রতিনিধি এবং দুজনই ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে চাই। বসতে রাজি হওয়ায় আমি তাকে সাধুবাদ জানাই। এই আলোচনাটা আরো আগে করা গেলে কিছু সমস্যা আরো আগেই মোকাবেলা করা সম্ভব হত”, যোগ করেন তিনি।

এখন বিতর্কের জন্য একটি তারিখ নির্ধারণের উপর জোর দিলেন সাবের হোসেন।

“উনি বলেছেন, বসবেন, তবে কবে-কখন বসবেন সে ব্যাপারে সুনির্দিষ্টি কিছু বলেননি। আমি আশা করবো, উনি সুনির্দিষ্ট একটা তারিখ দেবেন। যত দ্রুত সম্ভব এই কাজটা আমরা করতে চাই। এখান থেকে আলোচনার মাধ্যমে নানা সমস্যার সমাধান বের হলেও হতে পারে,”

ছক অনুযায়ী নিয়ন্ত্রিত একটি নির্বাচনের প্রক্রিয়া চলছে বলে আবারো শঙ্কা প্রকাশ করেন সাবের হোসেন। তার অভিযোগ, ছক নিয়ে এখনো পুরোপুরি আস্থাশীল হতে না পারায়ই কাউন্সিলর চেয়ে চিঠি পাঠানোয় দেরি করছে অ্যাডহক কমিটি।

“নাজমুল হাসান এর আগেও নানা তারিখ ঘোষনা করেছেন। আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত তাদের রাস্তা পরিষ্কার না হবে ততক্ষণ নির্বাচন হওয়ার সুযোগ নেই। আমার মনে হয় নিয়ন্ত্রিত নির্বাচনই উনাদের উদ্দেশ্য।”

বিসিবির ফরম্যাটে নয়, বিতর্ক ও ঝামেলা এড়াতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ক্লাবের প্যাডে কাউন্সিলের তালিকা পাঠানোর নির্দেশ দেয়ার জন্য বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক এই সভাপতি। ক্লাবগুলোর কাছ থেকে বিসিবির ফরম্যাটে সই নেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

অবাধ, সুষ্ঠু ও ফলপ্রসু নির্বাচনের জন্য স্বচ্ছ ভাবমূর্তির লোকদের নিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিও আহ্বান জানিয়েছেন সাবের হোসেন।