২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেরের সঙ্গে লড়বেন নাজমুল

সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর পর এবার বর্তমান সভাপতি নাজমুল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ভৈরবের এমপি নাজমুল হাসান বলেন, “আমি অবশ্যই নির্বাচন করবো। ওরা (ফোরাম) যে নোংরামি, মিথ্যাচার করছে তার ভয়ে অনেকে সরে যাচ্ছে, সামনে আসতে চাচ্ছে না। ভেবেছিলাম আসবো না, কিন্তু দেখলাম আমি সরে গেলে ওদেরই জয়জয়কার। আর কেউ ওদের বিরুদ্ধে অবস্থান নিতে সাহস পাচ্ছে না। তাই একবার যখন দাঁড়িয়ে গেছি, নির্বাচনের শেষ পর‌্যন্ত আছি।”

কাউন্সিলর নির্বাচনের ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগকে মিথ্যাচার হিসেবে অভিহিত করে বিসিবি সভাপতি বলেন, “এখনো কাউন্সিলরশিপ চেয়ে চিঠিই দেয়া হয়নি। বিসিবি কোনো জেলায় কারো নাম বলেনি, কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করেনি। জেলা ক্রীড়া সংস্থাই তাদের কাউন্সিলরের নাম ঠিক করবে।”

একটি অংশ বিসিবির নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন বানচালের সমস্ত প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “যে-ই জিতুক বা হারুক সেটা বড় কথা না, বিসিবির নির্বাচন এবার করতেই হবে।”

“ফোরাম নামে একটি সংগঠন করেছেন বলে কতিপয় নেতা মনে করেন দেশের সব ক্লাব, জেলা তাদের হাতের মুঠোয়। আমার মনে হয় এটা ঠিক না। আজ পর‌্যন্ত তারা এটাই মনে করে এসেছেন। এখন দেখা যাক তাদের শক্তি কতটা।”

এর আগে একই কারণ দেখিয়ে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

গত ১৪ অগাস্ট নিজের বাসায় তিনি সাংবাদিকদের বলেন, “দেশের ক্রিকেট আজ চরম সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছে। এই সঙ্কট কাটিয়ে উঠতে না পারলে ক্রিকেটের সামনে ভীষণ বিপদ। তাই আমি বিসিবির নির্বাচনে অংশ নেব।”

ঢাকা-৯ আসনের সাংসদ সাবের বলেন, বিসিবির গঠনতন্ত্রসহ ক্রিকেটাঙ্গনের অনিয়ম ও দুর্নীতি কতোটা ছড়িয়ে পড়েছে তা ধরিয়ে দিতে প্রয়োজনে নাজমুল হাসানের সঙ্গে বিতর্ক করতেও তিনি রাজি।

ম্যাচ পাতানো তদন্তেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুর্নীতি তদন্ত শেষ হওয়া উচিৎ নয় বলেও সেদিন মত দেন সাবের হোসেন।

তিনি বলেন, “বিপিএলকে কারা ব্যবসা-বাণিজ্যের মাধ্যম বানিয়েছে, কারা গেমঅনের ব্যাঙ্ক গ্যারান্টি ফিরিয়ে দিয়ে বিসিবির অর্ধশত কোটি টাকা ক্ষতির জন্য দায়ী তা খুঁজে বের করতে হবে।”

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন গত বছর অক্টোবরে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেন।

আইসিসির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আ হ ম মোস্তফা কামাল নিয়ম অনুযায়ী বিসিবির দায়িত্ব ছেড়ে দেয়ায় ওই পদটি শূন্য হয়।

আইসিসি গঠনতন্ত্র সংশোধন করে বিসিবিতে রাজনৈতিক ‘হস্তক্ষেপমুক্ত’ নির্বাচন দেয়ার তাগিদ দিয়ে আসছে।

পুরনো খবর:

বিসিবি নির্বাচনে অংশ নেবেন সাবের হোসেন
নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি