বিসিবি নির্বাচনে অংশ নেবেন সাবের হোসেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
বুধবার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, “দেশের ক্রিকেট আজ চরম সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছে। এই সঙ্কট কাটিয়ে উঠতে না পারলে ক্রিকেটের সামনে ভীষণ বিপদ। তাই আমি বিসিবির নির্বাচনে অংশ নেব।”
“ক্রিকেটাঙ্গন আজ দ্বিধা-বিভক্ত। জেলা ও ক্লাবগুলোর মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়াকে ছকে ফেলে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এই অপতৎপরতার বিরুদ্ধে লড়াই করার জন্যই আমার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত।”
তিনি আরো বলেন, “অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। দু/তিনটি ক্লাব এখন বোর্ড চালাচ্ছে। ক্রিকেট হয়ে যাচ্ছে ক্লাব কেন্দ্রিক।”
বিসিবির সাবেক সভাপতি জানিয়েছেন, বিসিবির গঠনতন্ত্রসহ ক্রিকেটাঙ্গনের অনিয়ম ও দুর্নীতি কতটা ছড়িয়ে পড়েছে তা ধরিয়ে দিতে প্রয়োজনে বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বিতর্ক করতেও তিনি রাজি।
এ প্রসঙ্গে সাবের হোসেন বলেন, “আশা করি তিনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন। আমার প্যানেল হবে ঐক্যের প্যানেল। সবাইকে আমি এক ছাতার তলায় নিয়ে আসবো।”
ম্যাচ পাতানো তদন্তেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুর্নীতি তদন্ত শেষ হওয়া উচিৎ নয় বলে মনে করেন সাবের হোসেন। তিনি বলেন, “বিপিএলকে কারা ব্যবসা-বাণিজ্যের মাধ্যম বানিয়েছে, কারা গেমঅনের ব্যাঙ্ক গ্যারান্টি ফিরিয়ে দিয়ে বিসিবির অর্ধশত কোটি টাকা ক্ষতির জন্য দায়ী তা খুঁজে বের করতে হবে।
“গেমঅন বিপিএলে কীভাবে এসেছে, ফ্র্যাঞ্চাইজিগুলো কীভাবে এসেছে, সেখানে বোর্ডের কেউ ছিল কিনা এসবও তদন্ত করে দেখতে হবে।”
