নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি
আদালতের রায় পেয়ে শিগগিরই বিসিবির নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। তবে নিজে নির্বাচনে দাঁড়াবেন কিনা তা নিয়ে এখনও দ্বিধাগ্রস্ত তিনি।
বৃহস্পতিবার এক রায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র অনুসারে নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেয় আপিল বিভাগ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আপিল বিভাগের আদেশের প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি বলেন, “বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একটি ভালো দিন। এ দেশের ক্রিকেটের ওপর যে হুমকিটা ছিল সেটা সরে গেছে।”
“বিরাট সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছিলাম। শিগগির নির্বাচন দেয়ার জন্য প্রস্তুতি শুরু করবো। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে কথা বলে নিতে হলে তাও বলবো। ২৯ জুলাইয়ের বোর্ড সভায় আলোচনা করে এ মাসেই নির্বাচনের তারিখ ঘোষণার চেষ্টা করবো”, যোগ করেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, “প্রক্রিয়া ভুল হলে প্রক্রিয়া ঠিক করে নেযা যায়। আইন ভুল হলে আইন ঠিক করে নেয়া যায়। কিন্তু বিশ্বকাপ এখান থেকে সরিয়ে নিয়ে গেলে বা আইসিসি সদস্যপদ হারালে তা ফিরে পাওয়া খুব কঠিন হয়ে পড়বে।”
অ্যাডহক কমিটির একমাত্র দায়িত্ব ছিল নির্বাচন দেয়া। গত বছরের ২৬ নভেম্বর দায়িত্ব নেয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও নির্বাচন দিতে পারেননি নাজমুল হাসান। কেন পারেন নি তার ব্যাখ্যা আবাবো দিলেন সভাপতি।
“নির্বাচনের জন্য একটি গঠনতন্ত্র প্রয়োজন হয়। আমাদের কাছে গত বছরের ২৯ নভেম্বর এনএসসি অনুমোদিত একটি গঠনতন্ত্র ছিল। সেটা দিয়েই নির্বাচন দিতে চেয়েছিলাম। কিন্তু সেটি নিয়ে মামলা দেয়ায় নির্বাচন প্রক্রিয়া আটকে যায়।”
“আইসিসি জুনের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত ও নির্বাচন দেয়ার নির্দেশ দিয়েছিল। একমাত্র আমরাই তা পারিনি। ২০০৮ সালের একটি গঠনতন্ত্র রয়েছে যেটি আইসিসির গাইডলাইনের সঙ্গে সাংঘর্ষিক। ঐ গঠনতন্ত্র দিয়ে নির্বাচন দেয়া সম্ভব নয়।”
“বিগত কমিটি অবলুপ্তির সঙ্গে সঙ্গে কাউন্সিলরদের মেয়াদও শেষ হয়ে যায়। তাই আমার পক্ষে কোনো ব্যবস্থা নেযা সম্ভব হয়নি। অন্যান্যবার কমিটির মেযাদ শেষ হয়ে গেলেও কাউন্সিলরদের মেযাদ থাকে তাই একটা ব্যবস্থা নেযা যেত, এবার তেমন কিছু করা যায়নি”, যোগ করেন তিনি।
সময় মতো গঠনতন্ত্র সংশোধন না করা ও নির্বাচন দিতে না পারায় বিশ্বকাপ আয়োজনেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ছিলেন বিসিবি সভাপতি। সে শঙ্কা কাটিয়ে বিশ্বকাপ আয়োজনকে এই মুহুর্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তিনি।
নির্বাচিত কমিটিতে এখন আর রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান বিসিবি সভাপতি।
গঠনতন্ত্র নিয়ে জটিলতায় আগের কমিটিকে দোষারোপ করে তিনি বলেন, “আইসিসির গাইডলাইন অনুযায়ী গঠনতন্ত্র সংশোধনের কথা বলেছিল এনএসসি। নয় মাস সময় পেযেও তারা সেটি করেন নি। আমরা (অ্যাডহক কমিটি) সংশোধন করলে অনেক বেশি প্রশ্ন উঠতো।”
নির্বাচনে নিজের অংশগ্রহণ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, “আমার মনে হয় আমার একটা প্যানেল থাকবে। একাধিক প্যানেল হলে আমি নির্বাচন নাও করতে পারি। সভাপতি হিসেবে আমি নিরপেক্ষ থাকতে চাই। সেক্ষেত্রে হয়তো সরাসরি সভাপতি পদে নির্বাচন করবো।”
“নির্বাচন করবো কি না পুরোপুরি মনস্থির করতে পারিনি। আমি নির্বাচন করে বোর্ডে আসিনি। সরকার ও এনএসসির মাধ্যমে এসেছি। নির্বাচন করার আগে তাদের মতামতও আমাকে জানতে হবে”, যোগ করেন তিনি।
