সাবেরের সঙ্গে বিতর্কে রাজি নাজমুল
সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর উন্মুক্ত বিতর্কের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, “সাবের ভাই যখন এ প্রস্তাব (উন্মুক্ত বিতর্কের) দিয়েছিলেন তখন আমি দেশে ছিলাম না। তিন-চার দিন আগে উনার সঙ্গে (বিমানবন্দরে) দেখা হয়েছিল। আমি উনাকে পরিস্কার বলেছি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো জায়গায় আমি উনার সঙ্গে মুখোমুখি বসতে রাজি।”
“সবাইকে নিয়ে নয়, আমি উনার সঙ্গে একা বসতে চাই। তবে সেখানে সংবাদিকদের উপস্থিত থাকতে হবে। পুরো বিষয়টি রেকর্ডেট হতে হবে। সাবের ভাইকে বলেছি বোর্ড, গঠনতন্ত্র নিয়ে যে কোনো প্রশ্ন করুন, আমি আপনাকে উত্তর দেব”, যোগ করেন নাজমুল।
“এখনো তারিখ ঠিক না করলেও আমার দৃঢ় বিশ্বাস সাত আট দিনের মধ্যে চিঠিটা চলে যাবে। কাউন্সিল এবং এনএসসিতে তারিখ পাঠানোর পরে কত সময় লাগে এই হিসাব এখনো করা হয়নি। এই মাসের মধ্যে নির্বাচন করার ইচ্ছা আমাদের। সম্ভব না হলে হয়তো অক্টোবরের সাত-আট তারিখ নাগাদ হতে পারে।”
বিসিবির নির্বাচন নিয়ে তিনি বলেন, “নির্বাচন অবশ্যই হবে এবং তা ঈদের আগেই। যেখানে ন্যুনতম যতটুকু সময় দিতে হয় সেটা আমাদের দিতেই হবে। নির্বাচন নিয়ে সন্দেহ থাকার কোনো অবকাশই নেই। আইসিসির বাধ্যবাধকতাও রয়েছে। তাদের দেয়া সময় আমরা পার করে ফেলেছি। বাংলাদেশের জন্য ওরা বাড়তি সময় দিয়েছে। এর মধ্যেই নির্বাচন সেরে ফেলতে হবে।”
আদালতের রায়ের পর ৩৬ দিন পার হয়ে গেছে। এখনো নির্বাচনের প্রস্তুতি খুব একটা এগোয়নি। এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ আছে কি না জানতে চাইলে নাজমুল বলেন, “অনেক, অনেক কারণ আছে। কিছু লিগ্যাল ইস্যু ও প্রশ্ন আছে যেগুলো সমাধান করে নিতে হচ্ছে। আবার মামলা করে নির্বাচনকে বাধাগ্রস্থ করার সুযোগ কাউকে দিতে চাই না।”
আইসিসির প্রতিনিধি দলের সফর ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্যও নির্বাচনের কাজে কিছুটা দেরি হয়েছে বলে দাবি করেন নাজমুল হাসান।
শুরুতে ৩২ ক্লাবের সমর্থন পেলেও এখন ক্লাবের দিক থেকেও সমর্থন অনেক বেড়েছে বলে মনে করেন নাজমুল হাসান। কাউন্সিলর চেয়ে চিঠি পাঠানোর পর সমমনা ক্লাবগুলোকে নিয়ে প্যানেল ঠিক করবেন বলে জানান তিনি।
