নাজমুলকে বিতর্কে বসার আহ্বান সাবেরের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বর্তমান সভাপতি নাজমুল হাসানের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাকে সম্মুখ বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
শুক্রবার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে সাবের হোসেন বলেন, “নাজমুল হাসান নির্বাচন করার ঘোষণা দেয়ায় কাউন্সিলররা এখন তুলনা করে ভোট দেয়ার সুযোগ পাবেন। বর্তমান পরিস্থিতির ভালো সমাধান হতে পারে আমাদের সম্মুখ বিতর্ক। আমি তাকে আগেও বিতর্কে বসার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তিনি রাজি হননি। নির্বাচনের ঘোষণা দেয়ার পর আবার তাকে বিতর্কে বসার আহ্বান জানাচ্ছি।”
ঢাকা-৯ আসনের এই সাংসদ আরো বলেন, “আমরা একটি সুষ্ঠু, অবাধ, প্রভাবমুক্ত ও অর্থপূর্ণ নির্বাচন চাই। এর জন্য একটি প্লেয়িং লেভেল ফিল্ড প্রয়োজন।”
আদালত থেকে তড়িঘড়ি করে নির্বাচনের রায় আনা হলেও এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করতে না পারায় বিসিবির সমালোচনা করেন সাবের হোসেন। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জেলা ও ক্লাবের মধ্যে বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে বিসিবির সাবেক সভাপতি বলেন, “ক্লাবের ৫৮ জনের ভোটে তাদের পরিচালকেরা নির্বাচিত হবে আর জেলার ক্ষেত্রে প্রতিটি বিভাগ তাদের পরিচালক নির্বাচন করবে। এক নির্বাচনে দুই পদ্ধতি কেন? পার্থক্য আছে কাউন্সিলর পাঠানোর ক্ষেত্রেও। জেলার ক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) কাউন্সিলর পাঠাবেন। অন্যদিকে ক্লাব থেকে সভাপতি নন, ক্লাবই কাউন্সিলর পাঠাবে।”
আদালতে রিট এবং গঠনতন্ত্রে অসংখ্য অসঙ্গতি থাকায় নির্বাচন হলেও তার বৈধতা পাওয়া নিয়ে সন্দিহান সাবের হোসেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সময় মতো না হওয়ার পেছনে নির্বাচনও একটি কারণ হতে পারে বলে মনে করেন তিনি।
প্রধান নির্বাচক আকরাম খানসহ পুরো বোর্ডের নির্বাচনমুখী হওয়ারও সমালোচনা করেন এই ক্রিকেট-সংগঠক।
বিপিএলে ম্যাচ পাতানো তদন্তে বিসিবির প্রশংসা করলেও বোর্ডের সার্বিক দুর্নীতি নিয়ে তদন্তের তাগিদ দিয়েছেন সাবের হোসেন।
তিনি বলেন, “বিপিএলের ম্যাচ পাতানো দুর্নীতির একটি অংশ। এর সঙ্গে জড়িত অন্যদেরও শাস্তি হতে হবে। প্রতিটি দুর্নীতির তদন্ত এবং তার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।”
