দিবা-রাত্রির টেস্ট খেলতে আগ্রহী নিউ জিল্যান্ড
অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্ট খেলার সম্ভাবনা নিয়ে রোমাঞ্চিত নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
২০১৫ সালে অস্ট্রেলিয়া সফরে একটি টেস্ট কৃত্রিম আলোয় খেলার যে পরিকল্পনার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এতে আনন্দের সঙ্গেই সম্মতি জানিয়েছে এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।
এ প্রসঙ্গে সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, “ভিন্ন পরিবেশে ক্রিকেট খেলতে আমরা আগ্রহী। আমার মনে হয় না, এর ফলে কেউ ধারণা করবে যে নতুন ধরণের এই টেস্ট মুল ঘরানার টেস্ট ক্রিকেটকে সরিয়ে দেবে। এনজেডসির মতে, যদি এটা (দিবা-রাত্রির টেস্ট) সফল হয় তাহলে হয়তো সিরিজে আমরা একটা করে ম্যাচ খেলতে পারি।”
“এর ফলে কাজ বা স্কুল শেষে মাঠে বসে কিংবা টেলিভিশনে খেলা দেখার সুযোগ পাবে মানুষ। সুতরাং বাণিজ্যিকভাবেও এর সুফল মিলবে”, যোগ করেন তিনি।
দিবা-রাত্রির টেস্ট হবে রঙিন জার্সিতে ও খুব সম্ভব গোলাপী রংয়ের বলে। এই গ্রীষ্মে ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে এর পরীক্ষামুলক প্রস্তুতির সিদ্ধান্তও নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
এর আগে পাকিস্তান আরব-আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী সিরিজে দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে চাইলেও তাতে সম্মতি দেয়নি শ্রীলঙ্কা বোর্ড।
