দিবা-রাত্রির টেস্টকে শ্রীলঙ্কার ‘না’
দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
কারণ হিসেবে এসএলসি জানিয়েছে, কৃত্রিম আলোয় গোলাপি রংয়ের বলে এখনো শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনুশীলন করার সুযোগ পাননি।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের অনুমতি দেয়। তবে এখনো কোনো ক্রিকেট বোর্ড তা আয়োজন করেনি। এ ধরনের টেস্ট কখন, কী ধরনের বল দিয়ে খেলা হবে সেই সিদ্ধান্তের ভার সংশ্লিষ্ট বোর্ডের ওপরে ছেড়ে দিয়েছে আইসিসি।
দিবা-রাত্রির টেস্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সূর্য ও কৃত্রিম আলোয় পরিষ্কার দেখা যায়, এমন বল নির্ধারণ করা। পিসিবি জানিয়েছে, এরই মধ্যে পরীক্ষা করে দেখার জন্য তারা গোলাপি ও কমলা রংয়ের এক ডজন বল এসএলসির কাছে পাঠিয়েছে।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। খেলা হবে দুবাই, আবুধাবি ও শারজায়।
