২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের দলের বিদায়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় সেমিফাইনালে জ্যামাইকা টালাওয়াসের কাছে ৭ উইকেটে হেরে গেছে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 10:01 AM

Updated : 23 Aug 2022, 06:46 PM

সিপিএলে ৬ ইনিংসে তার মোট রান মাত্র ২২, সর্বোচ্চ ১২। তাই বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে সাকিবকে ব্যাট করতে পাঠায়নি বার্বাডোজ।

পোর্ট অব স্পেনের কুইন’স পার্ক ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৮ রান করে বার্বাডোজ।

সর্বোচ্চ ৪৯ রান শোয়েব মালিকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে রেমন রেইফারের ব্যাট থেকে।

জবাবে কুমার সাঙ্গাকারার ৩৮ বলে অপরাজিত ৫০ রান ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় জ্যামাইকাকে।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে চ্যাডউইক ওয়ালটনের ব্যাট থেকে। জ্যামাইকার সহজে জয়ে আন্দ্রে রাসেলের অবদানও কম নয়। মাত্র ৬ বলে ৪টি বিশাল ছক্কা ও একটি চারের সাহায্যে ২৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

ব্যাট করার সুযোগ পাননি, বলও মাত্র এক ওভার করেছেন সাকিব। সেই ওভারে ৮ রান দিয়ে কোনো উইকেট পাননি ওয়ানডের সেরা অলরাউন্ডার।

সিপিএলে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বল হাতে ভালোই সাফল্য সাকিবের। ১২.৯০ গড়ে নিয়েছেন ১১ উইকেট, সেরা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে ৬ রানে ৬ উইকেট।

বাংলাদেশ সময় রোববার সকালে অনুষ্ঠেয় ফাইনালে মুখোমুখি হবে জ্যামাইকা টালাওয়াস ও গায়ানা আমাজন ওয়ারিয়র্স।