২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টকে এগিয়ে রাখলেন দ্রাবিড়

ক্রিকেটের স্বল্প মেয়াদের সংস্করণে সাফল্য পেতে হলে টেস্টের কোনো বিকল্প নেই বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তাই টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার উপর বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

টেস্টকে জনপ্রিয় করতে দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের পক্ষেও মত দেন টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রানের মালিক দ্রাবিড়।

ইএসপিএন ক্রিকইনফোর বিশতম বর্ষপূর্তি উপলক্ষ্য লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে ৪০ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বলেন, “টেস্ট ক্রিকেট হলো বয়স্ক একটি গাছের মুল অংশ আর ছোট পরিসরের ক্রিকেট যেমন টি-টোয়েন্টি ও ওয়ানডে হলো তার শাখা-প্রশাখা।”

“হ্যাঁ, এটা সত্য যে ডালপালাতেই ফল ধরে। একটি বাগানের লভ্যাংশ আসে ওখান থেকেই, তা মানুষের দৃষ্টিও আকর্ষণ করে। অন্য দিকে মূল অংশটা বয়স্ক, যা বেড়ে উঠতেও অনেক সময় নেয়। কিন্তু এটাই বৃক্ষের জীবনীশক্তির উৎস। বৃক্ষটি থেকে মূল অংশটা সরিয়ে নিলে বা কেটে ফেললে শাখা প্রশাখাগুলোও মরে যাবে, ফল শুকিয়ে যাবে”, যোগ করেন ১৬৪টি টেস্ট ও ৩৪৪টি ওয়ানডে খেলা এই ব্যাটসমস্যান।

ক'দিন আগে সাবেক দুই সতীর্থ সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ক্রিকেট ঘরানার নতুন ফরম্যাট টি-টোয়েন্টির প্রশংসা করেছিলেন ‘দ্য ওয়াল’ নামে পরিচিত দ্রাবিড়। তবে টেস্টকে বাদ দেয়া নয়, বরং টেস্টকে এগিয়ে রাখার কথা বলেন তিনি।

এদিনও বললেন তাই। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে টেস্ট ক্রিকেটারদের তুলনা করে তিনি বলেন, “প্রত্যেক ক্রিকেটারের মুল ভিত্তিটা গড়ে ওঠে চার-পাঁচ দিনের ক্রিকেট খেলেই।”

গতবছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ক্রিকেটার দিবা-রাত্রির টেস্ট আয়োজনের পক্ষে।

“কৃত্রিম আলোয় টেস্ট হলেও খেলাটির ঐতিহ্য হুমকির মুখে পড়বে না।”