ফোরামকে প্রতিহতের ঘোষণা ক্লাবগুলোর
বিভিন্ন ফেডারেশনের নির্বাচনকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের (ফোরাম) প্রভাবমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশের শীর্ষ দুই ক্লাব আবাহনী ও মোহামেডান।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আবাহনীর আইএইচ মল্লিক ও মোহামেডানের লোকমান হোসেন ভুইয়া আগের দিন ফোরাম নেতাদের সমালোচনার জবাব দেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে বোর্ডের নির্বাচন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কঠোর সমালোচনা করেন ফোরাম নেতারা। নির্বাচনকে প্রভাবিত করার জন্য টাকা ছড়ানো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রভাব ব্যবহার ও দুর্নীতির অভিযোগ আনেন তারা।
বিসিবি সভাপতি নাজমুল হাসানকে অনভিজ্ঞ দাবি করেন ফোরাম সভাপতি ইউসুফ জামিল। ২০ বছর ধরে আবাহনী ক্লাবের সঙ্গে যুক্ত থাকা নাজমুল হাসান গত আট বছর ধরে দেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটির চেয়ারম্যান।
মল্লিক দাবি করেন, গত বছর বিসিবির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ফোরাম নেতাদের দাপটে কথাই বলতে পারেননি ক্লাব কর্মকর্তা ও ক্রিকেটাররা। তাদের ৭১ ভোটের জোরে খেলোয়াড়দের কাউন্সিলরশিপ বাতিল করে গঠনতন্ত্র পাশ হয় ইজিএমে। এরপরই ক্লাবগুলো সম্মিলিতভাবে ফোরাম ঠেকানোর উদ্যোগ নেয়।
তিনি বলেন, “ফোরামের বিপক্ষে দৃঢ় অবস্থান নেয়ার সময় এসেছে। আমরা (ক্লাবগুলো) কিন্তু শুধু ক্রিকেটই খেলি না ফুটবল-হকিও খেলি। এটা মাত্র শুরু, সামনে অন্যান্য ফেডারেশনের নির্বাচনেও আমাদের অবস্থান কিন্তু একই থাকবে। আমরা তাদের প্রতিহত করবো।”
“গতকাল (শনিবার) উনারা কিছু অশালীন বক্তব্য রেখেছেন এবং ভুল তথ্য পরিবেশ করেছেন। তারা এটা বন্ধ না করলেও আমরা ক্লাবগুলো একত্রিত হয়ে ঢাকায় অন্তত ফোরামের ব্যানারে কিছু করতে দেবো না।”
সভাপতি হয়ে আসার আগ থেকেই প্রায় ৪০টি ক্লাবের সমর্থন পেয়েছেন নাজমুল হাসান। সভাপতি হওয়ার পর জেলা সংগঠকদেরও আস্থা অর্জন করেছেন তিনি। তাই ফোরামের সমর্থন বিসিবি সভাপতির জন্য গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন আইএইচ মল্লিক।
অর্থের বিনিময়ে ফোরাম প্রতিটি ফেডারেশনের নির্বাচনকে প্রভাবিত করে বলে অভিযোগ করেন মল্লিক।
“তাদের ইনটেশন হল ইলেকশনকে মেনিপুলেট করা। ফোরামের একই লোক ভলিবলেও কাউন্সিলর হবে, ফুটবলেও কাউন্সিলর হবে, ক্রিকেটেরও কাউন্সিলর হবে- এটা তো ঠিক না। বিসিবির নির্বাচনে কাউন্সিলর হবে ক্রিকেটার অথবা ক্রিকেট সংগঠক অন্য কেউ নন।”
ফোরাম চায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর ৭১ জনের ভোটে জেলার ১০ জন পরিচালকের নির্বাচন। মল্লিকের দাবি এটা হলে ফোরাম টাকার বিনিময়ে তাদের পরিচালক নিয়োগ দিতে পারবে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলররা নিজ বিভাগের পরিচালক নির্বাচিত করবেন।
ফোরামের সঙ্গে বিসিবি সভাপতির পাঁচটি বৈঠকের কথা স্বীকার করে মল্লিক বলেন, “উনি তাদের বোঝানোর চেষ্টা করেছেন। বলেছেন আপনারা আপনাদের জেলারটা ঠিক করুন। এক জেলারটা অন্য জেলার কারো ঠিক করার দরকার নেই। তারা এটা না মেনে ৭১ ভোটে নির্বাচন চাইলেন।”
“জেলা প্রশাসককে ফোন করে কাউন্সিলর ঠিক করার ব্যাপারে ফোরামের অভিযোগ সর্বৈব মিথ্যা। খোঁজ নিয়ে দেখেছি এমন কিছু ঘটেনি। বিসিবি নির্বাচনে কাউন্সিলর সব সময় জেলা ক্রীড়া সংস্থার সভাপতির স্বাক্ষরে আসে, সাধারণ সম্পাদকের নয়,” যোগ করেন তিনি।
দরপত্র নিয়ে কোনো দুর্নীতি হয়নি জানিয়ে মল্লিক বলেন, “ফতুল্লা ও বিকেএসপির কাজের জন্য সরাসরি কেনার অনুমতি গত বোর্ড দিয়ে গিয়েছিল, অ্যাডহক কমিটি নয়। আর কক্সবাজারের কাজের জন্য পত্রিকায় টেন্ডার দেয়া হয়েছে। কাজটি তদারকির দায়িত্ব নেয়া হয়েছে নাছির ভাইকে (আজম নাছির)। কিন্তু তার মানে এই নয় তিনি কাজটি পেয়েছেন।”
একই বক্তব্য মোহামেডানের প্রতিনিধি লোকমান হোসেন ভুইয়ার কণ্ঠেও। তিনি বলেন, “ফোরামের হাত থেকে ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হবে।”
