মুশফিকদের প্রস্তুতিতেও প্রভাব ফিক্সিংয়ের
ম্যাচ গড়াপেটা সমস্যার সমাধান করে দেশের ক্রিকেটে স্বস্তিকর পরিবেশ ফেরানোর তাগিদ দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
রোববার মিরপুরে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে মুশফিক সাংবাদিকদের বলেন, “আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি সিরিজ আছে। বর্তমান পরিস্থিতিতে মনসংযোগে কিছুটা ঘাটতি তো হচ্ছেই। আমি আশা করবো বিষয়টি শেষ করে দ্রুত যেন ক্রিকেটে ভালো পরিবেশ ফিরিয়ে আনা হয়।”
জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনের অধীনে রোববার আবার শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প।
অনুশীলনের ফাঁকে জাতীয় দলের অধিনায়ক বলেন, “ক্রিকেট একটি খেলা যেখানে নিজেকে নিজেরই অনুপ্রাণিত করতে হয়। আমরা নিজেদের ‘বুস্ট আপ’ করার চেষ্টা করছি। আশা করছি সব সমস্যা কেটে গিয়ে সব স্বাভাবিক হয়ে আসবে।”
বিপিএল ম্যাচ পাতানো তদন্তে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে আরো কয়েকজন সতীর্থ অভিযুক্ত হওয়ায় ভীষণ হতাশ মুশফিক। তিনি বলেন, “অবশ্যই শকড হয়েছি। সতীর্থরা এমন কিছুতে জড়িয়েছে ভাবলে খারাপ লাগে। আগে হয়তো অন্য দেশে অনেক বড় তারকারা এসবে জড়িয়েছে, কিন্তু আমাদের দেশে এটাই প্রথম।”
“তারা যা করেছেন এর ব্যবস্থা নেয়ার জন্য আইসিসি, বিসিবি রয়েছে। এটা সবার জন্যই একটা শিক্ষা। বয়সভিত্তিক দল, অ্যাকাডেমি দল থেকে শুরু করে সবার এ থেকে অনেক কিছু শেখার আছে,” যোগ করেন তিনি।
কন্ডিশনিং ক্যাম্পে কঠোর অনুশীলনে ক্রিকেটাররা
জিম্বাবুয়ে সফরের পর থেকে খেলার মধ্যে না থাকলেও কঠোর অনুশীলনের মাধ্যমে আগামী সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ।
অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ‘হোম ওয়ার্ক’ করেই প্রস্তুতি নিচ্ছেন বলে জানান মুশফিক।
“ঈদের আগেই প্রস্তুতি শুরু হয়েছে। সে সময় ফিটনেস নিয়ে কাজ বেশি করেছি, এবার স্কিল নিয়ে কাজ বেশি করবো। ওদের দলে তিনটা বাঁহাতি পেসার রয়েছে, আমরা সেভাবে প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। অনূর্ধ্ব-১৯ দলে কয়েকজন বাঁহাতি পেসার রয়েছে দেশে ফিরলে ওরাও ক্যাম্পে থাকবে। ওরা থাকলে প্রস্তুতি আরো ভালো হবে।”
ঘরের মাটিতে সর্বশেষ সিরিজে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ ভালো খেলার অনুপ্রেরণা যোগালেও এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছেন মুশফিক।
“নিউজিল্যান্ড এই মুহুর্তে খুব ভালো দল। ইংল্যান্ডের মাটিতে ওরা ইংল্যান্ডকে হারিয়ে এসেছে। ওরা ভালো খেলছে আমরাও ভালো খেলছি। আমি আশাবাদী খুব ভালো একটি সিরিজ হতে যাচ্ছে।”
কন্ডিশনিং ক্যাম্পে কঠোর অনুশীলনে ক্রিকেটাররা
“এতটা হতাশাজনক হবে আশা করিনি। তবে ব্যক্তিগতভাবে অনেকে ভালো করছে। ইংল্যান্ড লায়ন্স শক্তিশালী দল, আশা করি ভালো সিরিজ হবে।”
বিপিএল নিয়ে অনেক সমালোচনার মধ্যেও মুশফিক এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের পক্ষেই। তবে এ জন্য মাঠের বাইরের সমস্যা ও পেমেন্ট সমস্যার সমাধান চান তিনি।
