ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়াতে লেম্যানের আহ্বান
প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে অ্যাশেজের পরের ম্যাচগুলোতে বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান।
ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে ১৪ রানে হেরে যাওয়া অস্ট্রেলিয়ার বেশির ভাগ বিশেষজ্ঞ ব্যাটসম্যানই দুই ইনিংসে ব্যর্থ। তবে ‘টেল এন্ডার’ বা নিচের দিকের ব্যাটসম্যানদের প্রতিরোধের জন্য তারা শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল।
বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাই ব্যাটসম্যানদের ভালো খেলার আহ্বান জানিয়ে লেম্যান বলেন, “আমাদের নিচের সারির ব্যাটসম্যানরা দারুণ খেলেছে। এখন সময় এসেছে বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের রান করার।”
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান আরো বলেন, “প্রথম ইনিংসে আমরা মাত্র ৬৪ আর দ্বিতীয় ইনিংসে ১১০ ওভারের মতো ব্যাট করেছি। এটাকে উল্টে দিতে হবে। ম্যাচের প্রথম ইনিংসে ১২০ ওভারের বেশি ব্যাট করে যত বেশি সম্ভব রান করতে হবে।”
ট্রেন্ট ব্রিজে প্রথম ইনিংসে ১১৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায় অভিষিক্ত অ্যাশটন অ্যাগারের অসাধারণ ব্যাটিংয়ে। ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে রেকর্ড ৯৮ রান করেন ১৯ বছর বয়সী অ্যাগার। ৮১ রানে অপরাজিত ফিল হিউজের সঙ্গে শেষ উইকেটে ১৬৩ রানের রেকর্ড জুটিও গড়েন তিনি।
দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার শেষ জুটি দারুণ প্রতিরোধ গড়ে তোলে। ৩১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা সফরকারীদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ব্র্যাড হ্যাডিন (৭১) ও জেমস প্যাটিনসনের (অপরাজিত ২৫) ৬৫ রানের জুটি। কিন্তু শেষ রক্ষা হয়নি।
