পাকিস্তানের নাটকীয় জয়
প্রথম ম্যাচ ‘টাই’ হওয়ার পর দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডকে নাটকীয়ভাবে ২ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে দুটি সিরিজেই ১-০ ব্যবধানে পাকিস্তানের।
ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৪৮ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে টিম মুরতাগ ও ট্রেন্ট জনস্টনের তোপে ১৭ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি।
শূন্য রানে একবার জীবন পাওয়া অধিনায়ক মিসবাহ-উল-হক (২৪) ও শোয়েব মালিক (৪৩) উইকেটে সেটে হয়ে বিদায় নিলে বিপদ আরো বাড়ে।
৩৭ ওভারে ১৩৩ রানে ৭ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া পাকিস্তানের ত্রাতা কামরান ও ওয়াহাব রিয়াজ। ৬২ বলে তাদের ৯৩ রানের চমৎকার জুটি পাকিস্তানের জয় নিশ্চিত করে।
৮৫ বলে ১১টি চার ও ২টি চারের সাহায্যে কামরান ৮১ রান করে বিদায় নিলেও শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত থাকেন রিয়াজ। তার ৩৫ বলের ইনিংসে ৪টি করে ছক্কা ও চার।
আয়ারল্যান্ডের পক্ষে জনস্টন, আলেক্স কুসাক ও মুরতাগ দুটি করে উইকেট নেন।
এর আগে ৪ রানে সাজঘরে ফেরত আসেন আয়ারল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। নিয়াল ও’ব্রায়েনের (২৯) সঙ্গে ৬৫ ও কেভিন ও’ব্রায়েনের (৩৮) সঙ্গে ৯৪ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে ৪ উইকেটে ১৭৮ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান জয়েস।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় আয়ারল্যান্ডের সংগ্রহ খুব একটা বড় হয়নি। শেষ পর্যন্ত ১১৬ রানে অপরাজিত থাকেন জয়েস। এটি তার দ্বিতীয় শতক। তার ১৩২ বলের ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কা।
৪৮ রানে ৪ উইকেট নিয়ে আব্দুর রেহমান পাকিস্তানের সেরা বোলার।
