২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারের পথে মুম্বাই

কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের শেষ চারে ওঠার পথে আরেক ধাপ এগিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 07:51 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুম্বাই। সমান ম্যাচে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসেরও ২০ পয়েন্ট, তবে মুম্বাইয়ের নিট রান রেট সবচেয়ে ভালো।

১৬ পয়েন্ট করে নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদ। ষষ্ঠ স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্সের ১২ পয়েন্ট। প্রথম ৬টি দলেরই আর দুটি করে ম্যাচ বাকি।

সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৮ রান করে হায়দ্রাবাদ।

৪১ বলে ৫৯ রান আসে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। ক্যামেরন হোয়াইটের ২৩ বলে অপরাজিত ৪৩ রান দ্বিতীয়-সর্বোচ্চ। এছাড়া হনুমা বিহারি ৩৭ বলে ৪১ রান করেন।

জবাব দিতে নেমে শচীন টেন্ডুলকারের (৩১ বলে ৩৮ রান) আহত হয়ে মাঠের বাইরে চলে যাওয়া এবং লাফিয়ে-লাফিয়ে বেড়ে যাওয়া ওভার প্রতি রান রেট অস্বস্তিতে ফেলে দিয়েছিল মুম্বাইকে।

তবে পোলার্ডের ৮টি ছক্কা সমৃদ্ধ ২৭ বলে অপরাজিত ৬৬ রানের ঝড়ো ইনিংস তিন বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিকদের।