২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি হারে আরো বিপদে কলকাতা

আইপিএলে বুধবারের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৭ উইকেটের হারে কলতাকা নাইট রাইডার্সের সেমিফাইনালে যাওয়ার পথ ভীষণ কঠিন হয়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 06:14 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

দশম খেলায় এটি দিল্লির তৃতীয় জয়। আর সমান খেলায় গতবারের চ্যাম্পিয়ন কলকাতার সপ্তম হার।

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৬ রান করে কলকাতা। জবাবে ১৭ ওভার ৫ বলে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফিরে এলেও উন্মুক্ত চাঁদের (৩৭) সঙ্গে ডেভিড ওয়ার্নারের ৯৫ রানের জুটি দিল্লিকে সহজ জয়ের দিনে নিয়ে যায়।

দলীয় ১২২ রানে উন্মুক্ত বিদায় নিলেও বেন রোহরারকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন ওয়ার্নার। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত ওয়ার্নারের ৪২ বলের ইনিংসে ৩টি ছক্কা ও ৬টি চার।

এর আগে ইউসুফ পাঠানের ২০ রানের পরও ৫০ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই ভীষণ চাপে পড়ে কলকাতা।

এরপর রজত ভাটিয়া (২৬*), সুমিত নারওয়াল (২৩) চেষ্টা করলেও কলকাতার সংগ্রহ খুব একটা বড় হয়নি।

দিল্লির পক্ষে উমেশ যাদব ৩৬ রানে ২ উইকেট নেন।