২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এটাই আমাদের সেরা সুযোগ’

মাহেলা জয়াবর্ধনের অনুপস্থিতি, কুমার সাঙ্গাকারার অনিশ্চয়তা এবং মুত্তিয়া মুরালিধরন-চামিন্দা ভাস পরবর্তী সময়ে শ্রীলঙ্কার বোলিংয়ের দৈন্য দশা আশা দেখাচ্ছে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 08:31 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মিরপুরে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শেষে তিনি বলেন, “জয়াবর্ধনে নেই, সাঙ্গাকারা নাও খেলতে পারে। দশ হাজারি ক্লাবের দুজন সদস্যের অনুপস্থিতিতে আমরা সুবিধা পাব।”

“মুরালিধরন ও ভাসের অবসরের পর ওদের বোলিংও ততটা ধারালো নয়। সাম্প্রতিক সময়ে তারা খুব একটা ভালো খেলেনি। সব মিলিয়ে এটা আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ,” যোগ করেন তিনি।

শ্রীলঙ্কায় আগের ৭ টেস্টের ৬টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার ‘অন্যকিছু’ হবে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, “শুধু শ্রীলঙ্কায় নয় দেশের বাইরে কোথাও আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। অনেক সময় দলে নতুন ক্রিকেটার আসে বলে সেখানে পেরে উঠে না। এবার যারা যাচ্ছেন তাদের প্রায় সবাই অভিজ্ঞ। গত এক দেড় বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছেন। আশা করি শ্রীলঙ্কাও তারা ভালো করবেন।”

“এটাই বছরের প্রথম খেলা। গত এক দেড় বছর ধরে দেশের মাটিতে আমরা ভালো খেলছি। দেশের বাইরেও তার ধারবাহিকতা ধরে রাখাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি,” সফরে প্রত্যাশা সম্পর্কে বলেন তিনি।

আইসিসির টেস্ট অলরাউন্ডারদের শীর্ষে থাকা সাকিব আল হাসানের অভাব অনুভব করবেন জানিয়ে মুশফিক বলেন, “সাকিবের অনুপস্থিতি অনেক বড় ক্ষতি। ওর অভাব পূরণ করা খুব কঠিন। তবে ওর জায়গায় যারা এসেছে গত সিরিজেও তারা ভালো করেছে। তাদের ওপর আমার বিশ্বাস রয়েছে। এটা তাদের নিজেদের প্রমাণের ভালো সুযোগ।”


টানা আড়াই মাস ধরে খেলার মধ্যে থাকায় দলে ছোটখাটো চোট সমস্যা থাকলেও এ নিয়ে শঙ্কার কিছু দেখছেন না জানিয়ে মুশফিক বলেন, “আশা করি সম্পূর্ণ সুস্থ দল নিয়েই শ্রীলঙ্কায় যেতে পারব। এনাম ভাইয়ের চোট (হ্যামস্ট্রিংয়ে) আমরা তিন দিন দেখব, তারপর সিদ্ধান্ত নেব। তামিমের চোট নিয়েও কোনো শঙ্কা নেই।”

“দলে ফেরা তার (এনাম) প্রাপ্য ছিল। আশা করি চ্যালেঞ্জটা তিনি নেবেন। গত কয়েক বছর ধরে দল তার যে সার্ভিস মিস করেছে সেটা তিনি এবার দেবেন,” যোগ করেন তিনি।

সাকিব না থাকলেও এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলামের ফেরা স্বপ্ন দেখাচ্ছে অধিনায়ককে। তিনি বলেন, “ভালো খেলার পুরস্কার হিসেবেই তারা দলে ফিরেছেন। এটা তাদের শেষ নয় বরং শুরু। এনামুল (হক বিজয়) ও মমিনুল (হক) সর্বশেষ (ওয়ানডে) সিরিজে ভালো খেলেছে। ওয়ানডেতে ওদের অভিষেকে ভালো খেলেছেন তারা। আশা করি টেস্ট অভিষেকেও তারা সফল হবেন।”

টানা টি-টোয়েন্টি খেলে টেস্ট ম্যাচে মানিয়ে নিতে কোনো সমস্যা জানিয়ে মুশফিক বলেন, “ম্যাচ প্রস্তুতির চেয়ে বড় প্রস্তুতি নেই। দলের প্রত্যেকে পেশাদার ক্রিকেটার। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার সামর্থ্য সবারই রয়েছে।”