২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো চেহারায় ফিরতে চান আফতাব

প্রথম বিপিএলে তেমন খেলার সুযোগ পাইনি। এবারের বিপিএল আমার জন্য বাঁচা-মরার টুর্নামেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 04:31 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

এক সময় দারুণ প্রতিভাবান ব্যাটসম্যান মনে করা হতো তাকে। তবে অনেক দিন ধরে রানের মধ্যে নেই আফতাব আহমেদ। অতীতের হতাশা ভুলে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে পুরনো চেহারায় ফিরতে চান এই আক্রমণাত্মক ব্যাটসম্যান।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম কিংসের অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রথম বিপিএলে তেমন খেলার সুযোগ পাইনি। মাত্র একটি ম্যাচে শুরুতে ব্যাট করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু তা কাজে লাগাতে পারিনি।”

“এবার আমার প্রধান লক্ষ্য প্রথম একাদশে থাকা, তারপর অন্য পরিকল্পনা। এবারের বিপিএল আমার জন্য বাঁচা-মরার টুর্নামেন্ট,” যোগ করেন আফতাব।

নিজে আক্রমণাত্মক ব্যাটসম্যান বলে সবচেয়ে উপভোগ করেন টি-টোয়েন্টি ক্রিকেট। যদিও নিজের স্বভাবের জন্য নিজের ওপরেই বেশ বিরক্ত। হতাশ কণ্ঠে তিনি বলেন, “আলস্যের কারণে আমি অনেক পিছিয়ে পড়েছি। আমি যখন জাতীয় দলে প্রতিষ্ঠিত তখন বেশ কয়েক জনের অভিষেক হয়েছিল। তারা এখন অনেক এগিয়ে গেছে, আর আমি তাদের থেকে পিছিয়ে পড়েছি। এটা ভাবলে খারাপ তো লাগেই।”

আফতাব আরো বলেন, “ক্রিকেট-জীবনের শুরুর কথা চিন্তা করলে আফসোস হয়। জাতীয় দলের বাইরেও নিজেকে ফোকাস করার অনেক জায়গা থাকে, আমি সেই জায়গাগুলোতে অনেক পিছিয়ে গেছি। তা নিয়েও আমি হতাশ। এজন্য আমি নিজেকেই দোষ দিচ্ছি, অন্য কাউকে নয়।”

তবে আপাতত তার ভাবনায় জাতীয় দলে প্রত্যাবর্তন সংক্রান্ত কিছু নেই। এ প্রসঙ্গে চট্টগ্রাম কিংসের এই ব্যাটসম্যান বলেন, “জাতীয় দল নিয়ে একদমই ভাবছি না। ঘরোয়া ক্রিকেট বা যেখানেই খেলি, ভালোভাবে ক্যারিয়ার শেষ করাই আমার লক্ষ্য।”