ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় জানানো রিকি পন্টিংকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে ‘ক্রিকেট তাসমানিয়া’। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া হোবার্ট টেস্টে ‘ঘরের ছেলে’কে বিশেষ সম্মাননা দেয়ার কথা জানিয়েছে তাসমানিয়ার ক্রিকেট সংস্থাটি।
এ প্রসঙ্গে ‘ক্রিকেট তাসমানিয়া’র সভাপতি টনি হ্যারিসন বলেন, “ডন ব্র্যাডম্যানের পর অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান রিকি পন্টিং। এটা সত্যিই অসাধারণ ব্যাপার। তাসমানিয়ান ক্রিকেটের ঘরের মাটিতে তার অসাধারণ ক্যারিয়ারের প্রতি সম্মান জানানোর চিন্তা-ভাবনা আমরা অনেক দিন ধরেই করে আসছি।”
“রিকি আমাদের ক্রীড়াঙ্গনের একজন আদর্শ। সেই সঙ্গে যে সব তাসমানিয়ান ক্রিকেট খেলতে চায় এবং সমস্ত ক্রিকেট অনুসারীর জন্যও তিনি এক আদর্শ,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/০০৫২ঘ.
bdnews24