২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুলের ৬ উইকেট, সাব্বিরের শতক

ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিনে এনামুল হক জুনিয়র ৬ উইকেট নিয়েছেন। আর শতক করেছেন সাব্বির রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন রেফ্রিজারেটর চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিনে এনামুল হক জুনিয়র ৬ উইকেট নিয়েছেন। আর শতক করেছেন সাব্বির রহমান। এছাড়া হ্যাটট্রিক করেছেন চট্টগ্রামের পাকিস্তানী পেসার ইয়াসির আরাফাত। রাজশাহী-সিলেট বিকেএসপিতে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৮ উইকেটে ৩৩৪ রান। ১৬৮ বলে ১৩টি চার ও দুটি ছক্কায় ১৩৬ রান করেন সাব্বির। বাঁহাতি স্পিনার এনামুলের ৬ উইকেটের জন্য খরচ ১০৩ রান। এবারের জাতীয় লিগে এ নিয়ে ৬ বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। ঢাকা মেট্রো-রংপুর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মার্শাল আইয়ুবের ৬২ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ২৫৩ রান করে ঢাকা মেট্রো। ৭৩ রানে ৪ উইকেট নেন আলাউদ্দিন বাবু। ১২৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৬৮ রান করেছে রংপুর। ৬২ রান করেন লিটন কুমার। চট্টগ্রাম-বরিশাল সিলেট স্টেডিয়ামে বরিশালের প্রথম ইনিংস শেষ হয় ২০৪ রানে। সর্বোচ্চ ৯৮ রান সালমান হোসেনের। হ্যাটট্রিকসহ ২৫ রানে ৫ উইকেট নেন ইয়াসির আরাফাত। এবারে লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক করেন বরিশালের অফস্পিনার সোহাগ গাজী। জবাবে দিন শেষে ৪ উইকেটে ১৯৬ রান করেছে চট্টগ্রাম। নাজিমউদ্দিন করেন ৭২ রান। ফয়সাল হোসেন ৭০ রানে অপরাজিত। দুটি করে উইকেট নেন মনির হোসেন ও কামরুল ইসলাম। খুলনা-ঢাকা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকার প্রথম ইনিংস শেষ হয় ২২৯ রানে। সর্বোচ্চ ৫৫ রান রনি তালুকদারের। ৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ১ উইকেটে ১১৭ রান করেছে খুলনা। ৮৫ রান নিয়ে ব্যাট করছেন ইমরুল কায়েস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৭ঘ.