ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিততে হলে প্রায় অসম্ভবকে সম্ভব করতে হতো পাকিস্তানকে। তবে ৫১০ রানের জয়ের লক্ষ্যের কাছাকাছিও যেতে পারেনি তারা। প্রথম টেস্ট ২০৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে শ্রীলঙ্কা।
সোমবার চতুর্থ দিনে ইউনুস খান (৮৭) ও আসাদ শফিকের (৮০) ১৫১ রানের পঞ্চম উইকেট জুটিতে ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিলো অতিথিরা।
এই দুজনের বিদায়ের পর অভিষিক্ত মোহাম্মদ আইয়ুব (২২) ও উইকেট রক্ষক আদনান আকমল (অপরাজিত ৪০) লড়াই করার চেষ্টা করলেও ৩০০ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন নুয়ান কুলাসেকারা ও সুরাজ রানদিভ।
অপরাজিত ১৯৯ রানের চমৎকার ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার উঠেছে কুমার সাঙ্গাকারার হাতে।
আগামী শনিবার থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১২১ঘ.
bdnews24