ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে শুক্রবার প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।
এই ম্যাচ শেষেই শুরু হয়েছে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, যাতে টসে জিতে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে একাদশ।
শুক্রবার হারারের কান্ট্রি ক্লাব মাঠে প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। জবাবে ১৯ ওভার ৩ বলে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ।
তামিম ইকবালের (২৯) সঙ্গে মোহাম্মদ আশরাফুলের (৩২) উদ্বোধনী জুটি অতিথিদের দারুণ সূচনা এনে দেয়। ৮ ওভার ১ বলে তারা গড়েন ৬৪ রানের জুটি।
দলীয় ৭১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর বাংলাদেশের ব্যাটিং অনুশীলন খুব একটা ভালো হয়নি। নাসির হোসেন (৫), অধিনায়ক মুশফিকুর রহিম (৩), জিয়াউর রহমান (০), আব্দুর রাজ্জাকের দ্রুত বিদায়ে উল্টো চাপে পড়ে বাংলাদেশ।
অষ্টম উইকেটে মাশরাফি বিন মুর্তজার (৮*) সঙ্গে ৪ ওভারে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (২৮*)।
অতিথিদের সাত উইকেট ভাগাভাগি করে নিয়েছেন লেগ স্পিনার গ্রায়াম ক্রেমার (৪/১৪) ও ম্যালকম ওয়ালার (৩/১৪)।
জবাব দিতে নেমে স্বাগতিকদের শুরুটাও ভালো হয়নি। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১ ওভার ৪ বলে ব্রেন্ডন টেলরের দলের স্কোর দাঁড়ায় ৬০/৬। সেখান থেকে সপ্তম উইকেটে ক্রেমারের সঙ্গে ৭ ওভারে ৫৮ রানের জুটি দলকে জয়ের পথে নিয়ে আসেন এলটন চিগুম্বুরা (৩৮)।
দলীয় ১১৮ রানে চিগুম্বুরার বিদায়ের পর বাকি কাজটুকু সহজেই সারেন ক্রেমার। শেষ পর্যন্ত ৩০ রানে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশের পক্ষে আবুল হোসেন রাজু, ইলিয়াস সানি ও মাহমুদুল্লাহ দুটি করে উইকেট নেন।
ম্যাচ শেষে খানিক বিরতির পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। টসে জিতে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৭৩৮ ঘ.
bdnews24