ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোর্ডের অনুমতি না নিয়ে দিল্লিতে একটি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। সেজন্য তার কাছে ব্যাখ্যা দাবি করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির এক কর্মকর্তা জানান, “আমরা ঐ টুর্নামেন্টে তার (শোয়েব মালিক) অংশ নেয়ার ব্যাপারে কিছুই জানতাম না। যেহেতু তিনি বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়, তাই আমরা তার কাছে এর ব্যাখ্যা চাইবো। তার বক্তব্য না শুনে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না।”
ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার কয়েক দিন পরই দিল্লির একটি ক্লাব প্রতিযোগিতায় অংশ নেন মালিক।
বিসিসিআইয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই তথ্য জানতে পেরে তারাও বিস্মিত। দিল্লির রাজ্য বা জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনও বিসিসিআইকে এ ব্যাপারে কিছু জানায়নি।
আইপিএল ছাড়া অন্য কোনো ঘরোয়া প্রতিযোগিতায় বিদেশী খেলোয়াড়দের অংশ নেয়ার অনুমতি দেয় না বিসিসিআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৪০ঘ.
bdnews24