ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিলকারতেœ দিলশানের অপরাজিত শতকের পর বল হাতে থিসেরা পেরেরার ৬ উইকেটের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে সহজেই ৭৬ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। বুধবার কলম্বোয় তৃতীয় ম্যাচে মাঠে নামবে দু’দল।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৮০ রান করে শ্র্রীলঙ্কা। জবাবে ৪৬ ওভার ২ বলে ২০৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের (১৪) সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩২, ইউনুস খানের (৪) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩০ ও অধিনায়ক মিসবাহ-উল-হকের (২৭) সঙ্গে তৃতীয় উইকেটে ৪৯ রানের ছোট কিন্তু কার্যকর তিনটি জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে রাখেন আজহার আলী।
দলীয় ১৩৯ রানে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওমর আকমলের (৩) বিদায়ে বড় একটা ধাক্কা খায় অতিথিরা। এরপর বেশিক্ষণ টেকেননি আজহারও। ক্যারিয়ার সেরা ৯৬ রান করে নুয়ান কুলাসেকারার বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। তার ১১৯ বলের ইনিংসে ১২টি চার।
শেষ পর্যন্ত শহীদ আফ্রিদির ১৭ ও সরফরাজ আহমেদের ২০ রানের সুবাদে দুশ পেরোয় পাকিস্তান।
৪৪ রানে ৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার পেরেরা। ৩ স্পেলে ১০ ওভারের কোটা পূরণ করা পেরেরা প্রতি স্পেলের প্রথম বলেই উইকেট নেন। এ নিয়ে ওয়ানডেতে ৩ বার ৫ উইকেট নিলেন তিনি। এছাড়া কুলাসেকারা ও লাসিথ মালিঙ্গা নেন দুটি করে উইকেট।
এর আগে ৮৪ রানে উপুল থারাঙ্গা (১৮) ও কুমার সাঙ্গাকারা (১৮) বিদায় নিলেও তৃতীয় উইকেটে দীনেশ চান্দিমালের (৩২) সঙ্গে ৭০ রানের জুটি গড়ে স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দিলশান।
চতুর্থ উইকেটে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের (৫৩) সঙ্গে ৮৬ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন দিলশান। দলীয় ২৪০ রানে জয়াবর্ধনের বিদায়ের পর পঞ্চম উইকেটে পেরেরার (২৪*) সঙ্গে দিলশানের ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি শ্রীলঙ্কাকে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়।
১৩তম শতক আদায় করে দিলশান অপরাজিত থাকেন ১১৯ রানে। তার ১৩৯ বলের ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪৭ ঘ.
bdnews24