২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিসিবির লক্ষ্য

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে এখন থেকেই কাজে নেমে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে এখন থেকেই কাজে নেমে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সময়ে অনুষ্ঠিত হবে পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে কারণে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে (এনএসসি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও আরো পাঁচটি স্টেডিয়াম চেয়েছে বিসিবি। এগুলো হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম। কক্সবাজারে একটি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছিল বিসিবি। পরিকল্পনায় ঐ স্টেডিয়ামটিও রয়েছে। বিশ্বকাপ আয়োজনের অগ্রগতি সম্পর্কে শিগগির আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানাতে হবে বিসিবির। তার প্রস্তুতি হিসেবেই বিসিবি পরিচালক দেওয়ান শফিউল আরেফীন টুটুলকে আহ্বায়ক করে নবগঠিত ‘ভেন্যু আপডেটেশন কমিটি’ আলোচনায় বসে এনএসসির সঙ্গে। শনিবারের সভায় এনএসসিকে নিজেদের দাবিগুলোর একটি তালিকা দিয়েছে কমিটি। ভেন্যুগুলোর আধুনিকায়ন নিয়ে মূলত আলোচনা হলেও আবাসন ও বিমানবন্দরের মতো বিষয়গুলোও আলোচনায় এসেছে। এ ব্যাপারে টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আজকে (শনিবার) আমরা বসেছিলাম। মাঠের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।” “এনএসসি বিভিন্ন স্টেডিয়ামের সংস্কারের কাজ করছে। এখানে আমাদের আরও কিছু সংযোজনের প্রয়োজন রয়েছে। আমাদের চাহিদা সম্পর্কে আমরা তাদেরকে জানিয়েছি,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১০৯ ঘ.