ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করায় এ নিয়ে আর সামনে না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
রোববার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে ভারতের কয়েক জন জ্যেষ্ঠ খেলোয়াড় আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কিন্তু আইসিসি পরিষ্কার ভাবে জানিয়ে দেয়, কোনো ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ রেফারি ও আম্পায়ার ছাড়া অন্য কারো সন্দেহ প্রকাশ করার অধিকার নেই। তাই এ ব্যাপারে আর মাথা না ঘামানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আজমলের বোলিং নিয়ে সর্বপ্রথম প্রশ্ন ওঠে। পরে নানা পরীক্ষার পর সে বছরের মে মাসে আইসিসি তার অ্যাকশন বৈধ বলে রায় দেয়।
আইসিসির এক কর্মকর্তা জানান, “আজমলকে আমরা আগেই পরীক্ষা করেছি। এমনকি ম্যাচ চলাকালেও তার প্রতি আমরা নজর রেখেছি। সে নিয়ম মেনেই বল করে। তাই তার বোলিং নিয়ে বিতর্কের কিছু নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৩৩ ঘ.
bdnews24