ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস করতে বাংলাদেশ ও পাকিস্তানের অধিনায়কেরা যখন মাঠে নামলেন, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি তখন পুরোপুরি ফাঁকা।
অথচ রোববার দুইটায় বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগেই গেট খুলে দেওয়া হয়। বেশিরভাগ টিকিটও বিক্রি হয়ে গেছে। ক্রিকেটপ্রেমীরা জানাচ্ছেন, নগরীতে যান স্বল্পতার কারণে স্টেডিয়ামে আসা যাচ্ছে না।
ম্যাচ শুরুর আধ ঘণ্টা আগে টসে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জিতলেও গ্যালারি থেকে গর্জন ভেসে এল না। কারণ তখন পর্যন্ত সব মিলিয়ে শ’খানেক দর্শক মাঠে এসেছেন। মাঠের বাইরে অপেক্ষায় থাকা দর্শকও নেহাতই কম।
উদ্বোধনী ম্যাচসহ সব মাচের অধিকাংশ টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানানো হয়েছে। তবে ঠিক কতগুলো টিকেট বিক্রি হয়েছে সে ব্যাপারে টিকেটিং কমিটি নির্দিষ্ট করে কিছু বলেনি।
মাঠের বাইরে অপেক্ষারত শাখাওয়াত হোসেন জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালী থেকে আসতে খুব সমস্যা হয়েছে। ত্রিশ মিনিটের বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে।”
“প্রতিটি বাস কাউন্টারের সামনে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন। কিন্তু স্টেডিয়ামে আসার মতো গাড়ি পাচ্ছেন না। কালকের (সোমবার) মহাসমাবেশকে ঘিরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে,” যোগ করেন তিনি।
বিএনপির মহাসমাবেশের একদিন আগে ঢাকার সড়কে গাড়ি চলাচল তুলনামূলক কম হওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে রাজধানীবাসীকে। রোববার সকাল থেকে সড়কগুলোতে বাস কম দেখা যাচ্ছে। বাস মালিকরা বলছেন, সংঘাতের আশঙ্কা এবং পুলিশের রিকুইজিশন আতঙ্কে সবাই বাস নামাচ্ছেন না।
স্টেডিয়ামের আসার পথে অনেক ভোগান্তি হয়েছে বলে জানান আবু সায়েম লিটন। জুনারাইন থেকে প্রেস ক্লাব পর্যন্ত পুরোটা পথ তাকে হেঁটেই আসতে হয়েছে। তিনি বলেন, “ভেবেছিলাম প্রেস ক্লাব থেকে গাড়ি পাব। কিন্তু সেখান থেকে কিছুটা পথ রিকশা আর বাকিটুকু হেঁটেই আসতে হয়েছে।”
“আমার সাথে বোনেরাও খেলা দেখতে চেয়েছিল। তাদের টিকেট কেনা ছিল, কিন্তু আসা-যাওয়ার ভোগান্তির কথা চিন্তা করে তারা আসেনি”, যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৩৪৪ ঘ.
bdnews24