২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

ত্রদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজের তৃতীয় ম্যাচে নাটকীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার পার্থে শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়েছে তারা। টানা দুই ম্যাচে জয়ের সুবাদে অস্ট্রেলিয়া এখন প্রতিযোগিতায় সবার ওপরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজের তৃতীয় ম্যাচে নাটকীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার পার্থে শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়েছে তারা। টানা দুই ম্যাচে জয়ের সুবাদে অস্ট্রেলিয়া এখন প্রতিযোগিতায় সবার ওপরে। ২৩২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২২৬ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কার এটি টানা দ্বিতীয় হার। আগের ম্যাচে ভারতের কাছেও হার মেনেছিলো তারা। অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস শেষ ব্যাটসম্যান দাম্মিকা প্রসাদকে নিয়ে রুখে না দাঁড়ালে অনেক আগেই অবশ্য হেরে যেতো শ্রীলঙ্কা। বাঁহাতি পেসার মিচেল স্টার্কের করা শেষ ওভারে ১৮ রান প্রয়োজন ছিলো তাদের। প্রথম বলেই চার আসে ম্যাথিউসের ব্যাট থেকে। পরের বল ছক্কা! কিন্তু পঞ্চম বলটি মারতে গিয়ে ড্যানিয়েল ক্রিস্টিয়ানের হাতে ধরা পড়েন ম্যাথিউস। ৭৬ বলে খেলা তার ৬৪ রানের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা। শেষ উইকেট জুটিতে প্রসাদের (১৫) সঙ্গে ৪৬ রান যোগ করেন তিনি। ম্যাথিউসের আগে তিলকরতেœ দিলশান (৪০), কুমার সাঙ্গাকারা (২২) ও দীনেশ চান্দিমাল (৩৭) জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন শ্রীলঙ্কাকে। স্বাগতিকদের পক্ষে দুটো করে উইকেট নেন স্টার্ক, ক্রিস্টিয়ান ও জাভিয়ের ডোহার্টি। এর আগে অধিনায়ক মাইকেল ক্লার্ক (৫৭) ও ক্রিস্টিয়ানের (৩৩) ৫৬ রানের ষষ্ঠ উইকেট জুটির সৌজন্যে শেষ ওভারের প্রথম বলে অলআউট হওয়ার আগে ২৩১ রান করে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের সোয়া দু শর ওপরে নিয়ে যেতে ডেভিড ওয়ার্নার (৩৪), ডেভিড হাসি (২৭), ক্লিন্ট ম্যাকে (২৫) ও মাইক হাসিও (২৩) ভালো অবদান রাখেন। দুটো করে উইকেট নেন ম্যাথুস, প্রসাদ, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা ও সচিত্রা সেনানায়েকে। টুর্নামেন্টের পরের ম্যাচ রোববার। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫৩ঘ.