২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার কাজ করে যাচ্ছি: ট্রট

একদিনের ক্রিকেটে ব্যাটিং নিয়ে যতো সমালোচনাই করা হোক না কেন, জনাথন ট্রট তার নিজের মতো করে ব্যাট করে যাবেন বলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ক্রিকেটে ব্যাটিং নিয়ে যতো সমালোচনাই করা হোক না কেন, জনাথন ট্রট তার নিজের মতো করে ব্যাট করে যাবেন বলে জানিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলে দলের পক্ষে সবচেয়ে বেশি ৬৯ রান করেন ট্রট। তবে এ জন্য তাকে খেলতে হয় ১০৫ বল। বৃষ্টি-বিঘিœত খেলায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১ রানে আয়ারল্যান্ডকে হারালেও তোপের মুখে পড়েন ট্রট। খুব দ্রুত রান তুলতে না পারলেও ৩১টি একদিনের ম্যাচ খেলে তিনটি শতকসহ ৫৩.০৩ গড়ে ১,৪৮৫ রান করেছেন ট্রট। ট্রট ডাবলিনে যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেননি। তারপরও একদিনের ক্রিকেটে নিজের খেলা নিয়ে সন্তুষ্ট তিনি। বলেন, "কোচ ও অধিনায়ক আমার কাছ থেকে যেমন চান আমি তেমনটাই খেলেছি। যতক্ষণ পর্যন্ত তা করতে পারছি ততক্ষণ পর্যন্ত কারো সমালোচনা গায়ে মাখছি না।" তিনি বলেন, "আমি আমার নিজের কাজ করছি। দলের জন্য যেটা সবচেয়ে ভালো তাই করছি। বর্তমানে ক্রিকেটের সঙ্গে বহু লোক জড়িয়ে পড়েছেন। তাই নানা রকম মতামত থাকতেই পারে। তবে তাতে আমি দমে যাচ্ছি না।" "প্রথম দিকে বেশ ভালোই মেরেছিলাম। কিন্তু বল সরাসরি ফিল্ডারের কাছে চলে যায়। নইলে ওগুলো চার হতে পারতো। আজ হয়নি, কিন্তু অন্য দিন হয়তো বা চার হবে," সান্ত্বনা খোঁজেন ট্রট। সমালোচকরা যাই বলুন না কেন, ট্রটের পাশে আছেন ওই খেলায় ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান। সমালোচনার জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, "আমরা তো শেষ পর্যন্ত খেলায় জিতেছি, তাই না?" তিনি বলেন, "আমি দুই বছর ধরে একদিনের দলের নিয়মিত সদস্য। এর মধ্যে আমরা কেবল অস্ট্র্রেলিয়ায় একটি সিরিজ হেরেছি। আমরার ধারণা আমরা বেশ সফল একটি দল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৪৫ ঘ.