ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেট দ্রুত গুরুত্ব হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মাইকেল হোল্ডিং।
টি-টোয়েন্টি ক্রিকেটের দাপটে টেস্ট ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হতে পারে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার। ক্রিকেটের নতুন এই ফরম্যাটের কারণে সবচেয়ে পুরনো ফরম্যাটের ভবিষ্যত হুমকির মুখে বলেও মনে করছেন হোল্ডিং।
স্টাফ কো ডট এনজেডকে তিনি বলেন, "আমি সত্যিই টেস্ট ক্রিকেটের জন্য চিন্তিত। পাঁচ বছরের মধ্যে টেস্ট ক্রিকেট অর্থহীন হয়ে পড়তে পারে। আমার মনে হয় না তখন টেস্ট ক্রিকেট প্রাসঙ্গিক থাকবে।"
টি-টোয়েন্টি ক্রিকেটের সমালোচনা করে হোল্ডিং বলেন, "টি-টোয়েন্টি ফরম্যাট মোটেও ভালো নয়। কারণ, এই ফরম্যাট দিয়ে আপনি কোনো ভালো খেলোয়াড় বের করতে পারবেন না। তবে এখানে অনেক বেশি অর্থ জড়িত থাকায় আপনি একে বাদও দিতে পারবেন না।"
খেলোয়াড়রা এখন আর টেস্ট খেলতে চায় না বলে মনে করছেন হোল্ডিং। ক্রিকেটাররা এখন ঝুঁকেছে টি-টোয়েন্টির দিকে। এক মৌসুম টি-টোয়েন্টি খেলে যে অর্থ পাওয়া সম্ভব তা চার-পাঁচ বছর টেস্ট খেলে পাওয়া সম্ভব নয়।
তবে এজন্য তিনি ক্রিকেটারদের দোষ দেননি। তিনি বলেন, "ক্রিকেটারদের এ জন্য দোষ দেয়া যাবে না। আমি এখন তরুণ থাকলে কী করতাম? আমি নিজেও হয়তো টি-টোয়োন্টি খেলতে চাইতাম। ভারতে ছয় সপ্তাহ খেলার জন্য এক লাখ ডলার পেলে হয়তো আমিও সেটাইকেই বেশি গুরুত্ব দিতাম।"
ক্রিকেটারদের এই প্রবণতার জন্য হোল্ডিং বরং প্রশাসনকে দায়ী করে বলেন, "ক্রিকেটারদের নয় বরং দোষ প্রশাসকদের। সব দেশই এখন টি-টোয়েন্টির দিকে ঝুঁকছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৬৪০ ঘ.
bdnews24