ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে ভালো করার জন্য কাউন্টি ক্রিকেটকে কৃতিত্ব দিলেন স্টুয়ার্ট ব্রড।
ভারতের সঙ্গে চার টেস্টের সিরিজের সব খেলায় জেতার পেছনে ইংল্যান্ডের প্রধান অস্ত্র ছিলেন ব্রড। স্বাগতিকদের পক্ষে সিরিজ সেরার পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, "কাউন্টি ক্রিকেটই দু'দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে। আমার ভেতরে অনেক পরবির্তন এনেছে কাউন্টি ক্রিকেট। সুশৃঙ্খলভাবে বল করতে শিখেছি আমি কাউন্টিতে।"
চার টেস্টে ১৩.৮৪ গড়ে ২৫ উইকেট নেন ব্রড। সফল হন ব্যাট হাতেও। সব মিলে করেন ১৮২ রান। ট্রেন্টব্রিজে ১২৪ রানে ৮ উইকেট হারানোর পর স্বাগতিকদের মূলত টেনে তোলেন তিনিই। রান করেন ৬৪। এজবাস্টন ও ওভালে অ্যালিস্টার কুক ও ইয়ান বেলের বড় দু'টি শতকের চেয়ে ওই ইনিংসকে এগিয়ে রাখছেন অনেকে।
অথচ গত মে-জুনে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে নি®প্রভ ছিলেন ব্রড। ৪৮.৭৫ গড়ে নেন মাত্র আট উইকেট। লাইন ও লেঙ্থ কোনো কিছুর ঠিক ছিল না। তবে দলের বোলিং কোচ ডেভিড সাকের কখনোই আস্থা হারাননি তার উপর থেকে।
এর আগে বোলিংয়ের সাধারণ নিয়ম না মেনে আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামতেন ব্রড। এভাবে অ্যাশেজে সফল হলেও পরের দিকে সাফল্য যেন দূরে সরে যাচ্ছিল।
ব্রড বলেন, "আমার অনেক কিছু শিখতে হয়েছে। সে সময় আমি প্রচণ্ড চাপে ছিলাম। আমি নিজেই ভাবছিলাম কেমন বোলার হতে চাই এবং দলকে সহায়তা করার সেরা পথ কোনটা।"
মনে হচ্ছে, ওই পথের দেখা তিনি পেয়ে গেছেন। বেশির ভাগ সময় ফুল লেঙ্থ বল করার পাশাপাশি সময় মতো বাউন্সার দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের রীতিমতো নাকানি-চুবানি খাওয়ান তিনি। লর্ডসে প্রথম টেস্টে এক পালায় ২২ ওভার বল করে ৩৭ রানে নেন ৪ উইকেট। ট্রেন্টব্রিজে আরো উজ্জ্বল তিনি, এক পালায় হ্যাট্রিকসহ ৬ উইকেট নেন ৪৬ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭১৮ ঘ.
bdnews24