ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলাদের দাপট দিয়ে শেষ হয়েছে প্রস্তুতি ম্যাচ। সবুজ দল জিতেছে ১৩৭ রানে।
দুপুরে খেলা শেষ হওয়ার পর বিসিবির দেয়া স্কোর বোর্ডে খেলা ড্র হিসেবে দেখানো হয়। পরে রাতে ই-মেইলে পাঠানো ফলাফলে সবুজ দলকে ১৩৭ রানে জয়ী দেখানো হয়।
জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে সবুজ দল ৪ উইকেটে ৩৬১ রান করে। জয়ের জন্য ৩৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় দিন লাল দল ৫৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৪ রানে গুটিয়ে যায়। তখনো হাতে ছিল ৩১ ওভার।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় মোহাম্মদ আশরাফুলের দল। ১৩ রানের মধ্যেই সাজঘরে ফিরে আসেন প্রথম তিন ব্যাটসম্যান। উদ্বোধনী দুই ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস (৪) ও সগির হোসেন (৪) রার্নে খাতা খুললেও শূন্য হাতে বিদায় নেন ৩ নম্বর ব্যাটসম্যান রকিবুল হাসান।
৪র্থ উইকেটে আশরাফুল ও নাঈম ইসলাম ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু শুরু করেও দুজনের কেউ নিজের ইনিংস বড় করতে পারেন নি। নাঈম (১৯) এগিয়ে এসে তুলে খেলতে গিয়ে আব্দুর রাজ্জাকের বলে কভারে ইলিয়াস সানির হাতে ক্যাচ দেন।
বেশিক্ষণ টেকেননি আশরাফুলও। আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছিলেন। কিন্তু ইলিয়াস সানির প্রথম ওভারেই লাফিয়ে উঠা একটা বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৭৮ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন আশরাফুল (২২)।
এর পরের লড়াইটুকু একার নাসির হোসেনের। ষষ্ঠ উইকেটে সোহরাওয়ার্দী শুভর সঙ্গে ৬০ ও নবম উইকেটে মুক্তার আলীর সঙ্গে ৫৮ রানের দুটি জুটি গড়ে দলকে আরো বড় বিপদ থেকে রক্ষা করেন।
শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত ছিলেন নাসির। তার ১২৪ বলের ইনিংসে ১৮টি চার ও ১টি ছয় ছিল।
এছাড়া শুভ ২৯ ও মুক্তার ১৫ রান করেন।
সবুজ দলের পক্ষে সানি ৪ উইকেট নেন ৪০ রানে। শফিউল ইসলাম ৩১ রানে নেন ৩ উইকেট। রাজ্জাক ২ উইকেট নেন ৬৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪১ ঘ.
bdnews24