ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ক্লাব ক্রিকেট লিগে আবাহনী, মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতেছে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রোববার বিকেএসপি-৩ মাঠে আবাহনী ৩ উইকেটে আজাদ স্পোর্টিং ক্লাবকে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান ৭ উইকেটে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ও ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামাল ৭২ রানে গুলশান ইয়ুথ ক্লাবকে হারিয়েছে।
আবাহনী-আজাদ
টস জিতে ব্যাট করতে নেমে আজাদ ৩৭ ওভারে ৭৫ রানে গুটিয়ে যায়। জবাবে আবাহনী ৩৩ ওভার ১ বলে ৭ উইকেটে জয়ের লক্ষ্য ৭৬ ছাড়িয়ে পৌঁছে যায় ৭৭ রানে। তখনো হাতে ছিল ৪১ বল।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আবাহনী। দলের পক্ষে একমাত্র শাহনাজ পারভীন পৌঁছেন দুই অঙ্কের কোঠায়। তিনি করেন ১১। লক্ষ্য ছোট হলেও একপর্যায়ে হারের শঙ্কায় পড়েছিল দলটি।
শেষ পর্যন্ত খাদিজা-তুল-কুবরা ৯ ও শারমীন সুলতানা ৯ রানে অপরাজিত ছিলেন।
আজাদের পক্ষে ২টি করে উইকেট নেন চম্পা চাকমা, সাথিরা জাকির ও পাপিয়া বাবু।
এর আগে ব্যাট করতে নেমে আজাদের পক্ষে একাই লড়ে যান ফাতেমা তুজ জোহরা। শেষ পর্যন্ত ২৪ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি। চারজন বিদায় নেন রানের খাতা খোলার অগেই।
আবাহনীর পক্ষে লতা মন্ডল ২ উইকেট নেন ১৪ রানে।
মোহামেডান-বিকেএসপি
টস জিতে ব্যাট করতে নেমে ফারজানা হকের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৪৯ রান করে বিকেএসপি। জবাবে সালমা খাতুনের অপরাজিত অর্ধশতকের ওপর ভর করে ৩৬ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৫০ টপকে ১৫৩ রানে পৌঁছে যায় মোহামেডান। তখনো হাতে ছিল ২১ বল।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডানের শুরুটা ভালো না হলেও বড় জয় পেয়েছে দলটি, সালমার ভালো ব্যাটিংয়ের সুবাদে। ২৮ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলে চাপে পড়ে মোহামেডান।
তবে তৃতীয় উইকেট জুটিতে ৫২ রান তুলে রুমানা আহমেদ ও সালমা চাপ থেকে বের করে আনেন দলকে। দলীয় ৮০ রানের মাথায় রুমানা (১৪) বিদায় নিলেও খেলে যেতে থাকেন সালমা।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে সালমা ও তাহিন তাহেরা ৭৩ রান তুললে সহজেই জয়ের ঠিকানায় পৌঁছে যায় দল। শেষ পর্যন্ত সালমা ৬৫ ও তাহিন ২৮ রানে অপরাজিত ছিলেন। সালমার ৭৮ বলের ইনিংসে ৯টি চার রয়েছে। অতিরিক্ত খাত থেকে আসে ৩১ রান।
বিকেএসপির তৃপ্তি মন্ডল ২ উইকেট নেন ২১ রানে।
এর আগে বিকেএসপির নুজহাত তাসিনা ও ফারজানা তৃতীয় উইকেট জুটিতে ৯০ রান তুলে দলকে লড়াইয়ের পুজি এনে দেন। দলীয় ১০১ রানের মাথায় তাসিনা (৩৬) বিদায় নিলেও অবিচল ছিলেন ফারজানা। শেষ পর্যন্ত ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি। তার ১১২ বলের ইনিংসে চার রয়েছে ৬টি।
এছাড়া সানজিদা ইসলাম ১১ রান করেন।
মোহামেডানের পক্ষে সালমা ২ উইকেট নেন ১৩ রানে।
শেখ জামাল-গুলশান ইয়ুথ
টস জিতে ব্যাট করতে নেমে সোহেলি আক্তারের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৯৬ রান করে শেখ জামাল। জবাবে ৮ উইকেটে ১২৪ রানে থেমে যায় গুলশান।
রান তাড়া করতে নেমে গুলশানের হয়ে একাই লড়ে যান অধিনায়ক তাজিয়া আক্তার। শেষ পর্যন্ত ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। দলের অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি।
অতিরিক্ত খাত থেকে আসে ৩০ রান।
শেখ জামালের পক্ষে শরীফা খাতুন ৩ উইকেট নেন ২১ রানে।
এর আগে চতুর্থ উইকেট জুটিতে মাহমুদা খাতুন ও সোহেলি ১১৬ রান করে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। দলীয় ১৬০ রানের মাথায় বিদায় নেয়ার আগে মাহমুদা করেন ৪২ রান।
এর পরপর বিদায় নেন সোহেলিও। ৬৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার ৭৯ বলের ইনিংসে ৭টি চার রয়েছে। তখন দলের রান ছিল ১৭৪।
এছাড়া অতিরিক্ত খাত থেকে আসে ৩৮ রান।
গুলশানের পক্ষে তাজিয়া, তসলিমা আক্তার, হ্যাপী অলম ও মিনা খাতুন ২টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৪৬ ঘ.
bdnews24