ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপ-মহাদেশে বাজি বৈধ করার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির প্রধান নির্বাহী হারুণ লরগাত বলেছেন, উপমাদেশে বাজি বৈধ করা হলে দুর্নীতি দমন করা করা সহজ হবে।
টাইমস অব ইন্ডিয়াকে লরগাত বলেন, "বাজি ধরার বিষয়টিকে বিধির মধ্যে আনা হলে বাজির কারবার করে, এমন প্রতিষ্ঠানের ওপর ভালোভাবে নজর রাখা সম্ভব হবে। সবকিছু আইন অনুযায়ী, হলে দুর্নীতির বিপক্ষে আইসিসি'র চলমান লড়াই আরো সহজ হবে।"
লন্ডনের একটি আদালত 'স্পট ফিক্সিং'র দায়ে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটারের শুনানির তারিখ ৪ অক্টোবর নির্ধারণ করার পরদিন লরগাত এ কথা বলেন।
পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট, মোহাম্মদ আমের ও মোহাম্মদ আসিফ এবং খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আদালতে শুনানি চলছে।
এর আগে একই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আইসিসি'র একটি ট্রাইবুন্যাল সালমান বাটকে পাঁচ বছরের মুলতবি নিষেধাজ্ঞাসহ দশ বছর, আসিফকে দুই বছরের মুলতবি নিষেধাজ্ঞাসহ সাত বছর ও আমেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে।
লরগাত বলেন, "বাজির কারবার করে, এমন প্রতিষ্ঠানে আমাদের লোক থাকবে, তবে গোপনে। তারা টোপ ফেলে দেখবে খেলোয়াড়রা আইসিসি'র দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটে বিষয়টি জানান কি না।" খেলোয়াড়রা নৈতিক কারণে এ কথা জানাতে বাধ্য বলে তিনি মনে করেন।"
তিনি আরো বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বেশিরভাগ ক্রিকেটারই সৎ এবং সত্যিকারের ক্রিকেট-চেতনা নিয়েই মাঠে নামেন। এ ব্যাপারে আপত্তি করার কোনো কারণ আমি দেখি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯১৫ ঘ.
bdnews24