ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিল্লি ডেয়ারডেভিলসকে ১৮ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এ জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেন্নাই।
১২ খেলায় এটি চেন্নাইয়ের অষ্টম জয়। সমান ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে মুম্বাইকে পিছনে ফেলেছে দলটি। অবশ্য মুম্বাই এক ম্যাচ কম খেলেছে। অন্যদিকে ১২ খেলায় এটি দিল্লির অষ্টম পরাজয়। ৮ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে তালিকার অষ্টম স্থানে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৬তম ম্যাচে বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনি ও সুব্রামানিয়াম বদ্রিনাথের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে ৬ উইকেটে ১৫৮ রানে থামে দিল্লির ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির শুরুটা ছিলো ঠিক চেন্নাই ইনিংসের মতো। ৯ ওভার ৪ বলে ৬৪ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় দিল্লি। এর পর রান তোলার গতি বাড়াতে ব্যাটসম্যানদের যেভাবে চালিয়ে খেলা প্রয়োজন ছিলো তা করতে ব্যর্থ হয়েছেন দিল্লির ব্যাটসম্যানরা।
দিল্লির পক্ষে ভেনুগোপাল রাও ৩০, নামান ওঝা ২৫ ও ডেভিড ওয়ার্নার ২১ প্রত্যেকেই শুরু করলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি।
শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত থাকা ইরফান পাঠান পরাজয়ের ব্যবধান কমিয়েছেন কেবল। তার ৩৪ বলের ইনিংসে ৩টি চার ও ২টি চার রয়েছে।
চেন্নাইয়ের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন ও ডেয়াইন ব্র্যাভো ২টি করে উইকেট নেন। এজন্য অশ্বিন দেন ১৯ রান। ব্রাভো ২১।
এর আগে ১০ ওভার ২ বলে ৬৮ রানে দলের প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় চেন্নাই। উইকেট ধরে রাখার পাশাপাশি রান তোলার গতিও বাড়াতে হয় ধোনি ও বদ্রিনাথের। চতুর্থ উইকেটে এ দুজন যোগ করেন ৯৬ রান।
শেষ ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে বদ্রিনাথ করেন ৫৫ রান। তার ৪৩ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছয় রয়েছে।
শেষ পর্যন্ত ৬৩ রানে অপরাজিত থাকা ধোনি রীতিমত ঝড় তোলেন। তার ৩১ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছয় রয়েছে।
দিল্লির পক্ষে বরুণ অরুণ, ইরফান ও অজিত আগারকার ১টি করে উইকেট নেন। এ জন্য অরুণ ২০ রান দেন। ইরফান ৪০। আগারকার ৪৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫০ ঘ.
bdnews24