ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাডেমি কাপের দ্বিতীয় ও শেষ চার দিনের খেলায় দক্ষিণ আফ্রিকা একাডেমি দলকে এক ইনিংস ও ১২৫ রানে হারিয়েছে জিপি-বিসিবি একাডেমি দল।
এই খেলায় জিতে দুই ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফিরিয়ে আনলো জিপি-বিসিবি একাডেমি দল। এর আগে প্রথম খেলায় সফরকারী দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দল জিপি-বিসিবি একাডেমিকে হারায় এক ইনিংস ও ৫৮ রানে।
তৃতীয় দিন সফরকারীদের প্রথম পালা ১৯৯ রানে গুড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ইনিংসেও তাদের চেপে ধরে জিপি-বিসিবি একাডেমি। ১৪১ রান করতেই ৮ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তখনই বড় ব্যবধানে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। প্রথম পালায় জিপি-বিসিবি একাডেমি করে ৪৭৯ রান।
আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান হেরডস ভিলিওন ও মার্চেন্ট ডি ল্যাঙ্গ চতুর্থ দিন তেমন কিছুই করতে পারেননি। দলীয় ১৫০ রানের মাথায় মার্চেন্ট (২৭) বিদায় নেন। ৫ রান পর ভিলিওন (৪৯) মার্চেন্টকে অনুসরণ করলে থেমে যায় সফরকারীদের দ্বিতীয় পালা।
শেষ পর্যন্ত ৪০ ওভার ১ বল ব্যাট করে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল করে ১৫৫ রান। দক্ষিণ আফ্রিকার শেষ দুই উইকেট নেন সানজামুল ইসলাম। প্রথম পালায় তিনি নেন ৭ উইকেট।
দুই পালা মিলে ১১ উইকেট নেয়ায় সেরা খেলোয়াড় হন সানজামুল।
এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি একদিনের ম্যাচ খেলবে উভয় দল। এরপর শের-ই-বাংলায় দু'টো টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
প্রথম একদিনের খেলা হবে ২৮ এপ্রিল। দ্বিতীয়টি ৩০ এপ্রিল ও ২ মে হবে তৃতীয়টি। টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ দু'টো হবে ৫ ও ৬ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১০০ ঘ.
bdnews24