ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোয়ার্টার ফাইনালে যে কোনো দলই জেতার ক্ষমতা রাখে। কারণ যারা শেষ আটে উঠেছে, নিজেদের সামর্থ্য প্রমাণ করেই এসেছে। তারপরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমি পাকিস্তানকেই এগিয়ে রাখবো।
পাকিস্তান এ পর্যন্ত যে কয়টি ম্যাচ খেলেছে, প্রায় সবকটিতেই ভালো খেলেছে। তাই পাকিস্তানেরই জেতার সম্ভাবনা বেশি বলে আমার ধারণা। আমার বিবেচনায়, পাকিস্তানের জেতার সম্ভাবনা ৬০ ভাগ আর ওয়েস্ট ইন্ডিজের ৪০ ভাগ।
শক্তির বিচারেও পাকিস্তান এগিয়ে থাকবে। তাদের বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। অধিনায়ক শহিদ আফ্রিদি দারুণ ফর্মে। অন্যরাও ভালো করে যাচ্ছেন।
পাকিস্তানের ব্যাটিং বিভাগও পিছিয়ে নেই। তাদের মিডল অর্ডার ব্যাটিং খুবই শক্তিশালী। মিসবাহ উল হক, কামরান আকমল, উমর আকমল, আব্দুল রাজ্জাক, শহিদ আফ্রিদিরা পারেন দলকে একটা মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দিতে। তবে তাদের জন্য দুশ্চিন্তার কারণ তাদের উদ্বোধনী ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না।
তাছাড়া আগের খেলায় অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তানের আত্মবিশ্বাস তুঙ্গে। তাই এ খেলায় খুব ভালোভাবেই প্রাধান্য বিস্তার করবে বলে আমার বিশ্বাস।
তবে ওয়েস্ট ইন্ডিজও ছেড়ে কথা বলার দল নয়। তাদের আছে অসাধারণ কিছু মেধাবী ক্রিকেটার যাদের পক্ষে সম্ভব ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া। বিশেষ করে উদ্বোধনীতে ক্রিস গেইল যদি সফল হতে পারেন, তাহলে প্রতিপক্ষকে বড় টার্গেট ছুড়ে দেওয়া সম্ভব। আর কিয়েরন পোলার্ড যদি টিকে যান, তাহলে বোলারদের ভালো করাটা কঠিন হয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররাও খুব একটা পিছিয়ে নেই। কেমার রোচ দারুণ ফর্মে আছেন, অধিনায়ক ড্যারেন সামি, রবি রামপল ও সুলেইমান বেন ভালো করে যাচ্ছেন। তাই পাকিস্তান ব্যাটসম্যানরা যে অনায়াসেই ভালো কিছু করে ফেলবেন, তা সম্ভব হবে না।
তবে পাকিস্তান দলকে নিয়ে আগাম মন্তব্য করা কঠিন। কারণ তারা কখন ভালো করে, আবার কখন খারাপ করে, তা বলা মুশকিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১০২০ ঘ.
bdnews24