২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জয়ের আনন্দে ভাসছে চট্টগ্রাম

চট্টগ্রামের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ দু'টি ম্যাচ জিতেছে টাইগাররা। তাই আনন্দ উদযাপন যেন ভিন্ন মাত্রা পায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

চট্টগ্রাম, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ দু'টি ম্যাচ জিতেছে টাইগাররা। তাই আনন্দ উদযাপন যেন ভিন্ন মাত্রা পায়। বিকাল থেকেই নগরী জুড়ে ট্রাক মিছিল আর রঙের খেলা শুরু হয়। চলে রাত পর্যন্ত। সোমবার বিশ্বকাপের বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ উপলক্ষে চট্টগ্রামে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তাই ম্যাচ জয়ের পর প্রধান সড়কগুলোতে শুধু মিছিল আর মিছিল। স্টেডিয়াম থেকে বেরিয়ে আসা জনস্রোত মিশে যায় টিভি পর্দায় খেলা দেখা দর্শকদের কাতারে। স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা রোড, অলংকার মোড়, এ কে খান মোড় ও টিম হোটেল সংলগ্ন জিইসি মোড় রাত ৮টা পর্যন্ত ছিল দর্শক-সমর্থকদের দখলে। চলে মিছিল আর রঙের উৎসব। আইসিসি ট্রফির পর এই প্রথম কোনো ম্যাচ জয়ের পর বন্দর নগরীর দর্শকরা রঙের খেলায় মাতলো। সাগরিকা রোড ধরে স্টেডিয়াম থেকে হেঁটে আসা দর্শক রুমানা ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে মেতেছিলেন রঙ মারামারিতে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের মাঠে দু'টি খেলাতেই টাইগাররা জয় ছিনিয়ে নিলো। কবে আবার বড় কোনো আসর বসবে, আর আমরা খেলা দেখব। সে অপেক্ষা তো থাকবেই। তাই একটু অন্য রকম উৎসবের আয়োজন। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছিল প্রত্যাশিত। তাই কোনো কোনো সমর্থকের উচ্ছাস প্রকাশ কিছুটা সংযত ছিল। তবে অন্যরকম এক আত্মতৃপ্তি নিয়ে ঘরে ফিরেছে সবাই। দর্শক মো. সরওয়ার বলেন, আগে বাংলাদেশ এক খেলায় ভালো খেললে পরের খেলায় খারাপ খেলতো। এখন মনে হচ্ছে ধারাবহিক ভালো ফল করছে। ইংল্যান্ডের বিপক্ষে এমন অবিশ্বাস্য জয়ের পর আজ বেশ হিসেব কষেই জয়ী হলো টাইগাররা। শুক্রবার রাতের মতো সোমবারও দুই দল টিম হোটেলে পৌঁছানোর আগেই খুলে দেওয়া হয় স্টেডিয়াম ও হোটেলের মধ্যকার সংযোগ সড়ক জাকির হোসেন রোড। আবারো সমর্থকরা ছুটতে শুরু করেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দিকে। সড়কে চলতে শুরু করে বিপরীতমুখী বাস- ট্রাক। এতে বিজয় মিছিলের ট্রাক আর নিয়ন্ত্রণহীন যান চলাচলের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি করে। রাত ৮টা পর্যন্ত বিমানবন্দর সড়ক, ঢাকা ট্রাঙ্ক রোড পুরোপুরি ও সিডিএ অ্যাভিনিউর কিছু অংশে ছিল অসহনীয় যানজট। নয়াবজার এলাকার মুশিফকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবাই বিজয় উদযাপন করছে নিজেদের মতো করে। কোয়ার্টার ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখায় আনন্দ একটু বেশি। শুধু সাধারণ দর্শক নন ঘরের মাঠে টানা দ্বিতীয় জয়ে আনন্দিত রাজনীতিবিদ আর ব্যবসায়ী নেতারাও। চট্টগ্রামের মাঠে দুটি ম্যাচে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহদাত। জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমও। স্টেডিয়ামের আশপাশের এলাকায় সোমবারও বিজয় উল্লাস চলে। বাংলাদেশ, বাংলাদেশ ধ্বনিতে মুখর হয়। শিশুদের মুখে ভুভুজেলা বেজে চলে বিরামহীন। বিশ্বকাপে বাংলাদেশের মঙ্গলযাত্রায় এলাকাবাসীর পক্ষ থেকে শুভ কামনা, ঢোল-কাঁসর বেজেছে শুক্রবার ইংল্যান্ডকে হারানো দিনের মতোই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২১৪১ ঘ.